ঢাবি ছাত্রী ধর্ষণের প্রতিবাদে আজ বিক্ষোভ
রাজধানীর কুর্মিটোলায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শিক্ষার্থীরা। সোমবার ক্যাম্পাসে বিভিন্ন প্রতিবাদী কর্মসূচীর ঘোষণা দিয়েছে বিভিন্ন সংগঠন।
সকাল সাড়ে ১০টায় রাজু ভাস্কর্যের পাদদেশে প্রতিবাদী মানববন্ধন করবে ছাত্রলীগ। এ কর্মসূচীতে শিক্ষার্থীদের অংশগ্রহণের অনুরোধ জানিয়ে ডাকসুর এজিএস ও ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন ফেসবুকে লিখেছেন, ‘ধর্ষণ কিংবা নারীর উপর যে কোন নিপীড়নের বিরুদ্ধে আমাদের লড়াই জারি রয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সাথে যা হয়েছে তার বিরুদ্ধে আমাদের প্রতিরোধ, সকল নারীর উপর পুরুষতান্ত্রিক নিষ্পেষণের বিরুদ্ধে প্রতিরোধেরই অংশ। আজকের ঘটনার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় জেগে থাকবে- এ আমাদের দৃঢ় অঙ্গীকার।’
সোমবার সকাল ১১টায় রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছেন শামসুন্নাহার হলের ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি। ফেসবুকের একটি ইভেন্টের মাধ্যমে তিনি এ ডাক দেন। ইমির ডাকা এ প্রতিবাদী কর্মসূচীতে অংশ নেবে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ। এই প্রতিবাদ কর্মসূচী থেকে পরবর্তী কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম-আহবায়ক মুহাম্মদ রাশেদ খান।
রাজধানীর কুর্মিটোলায় এক ছাত্রী ধর্ষণের শিকার হওয়ার পর গতকাল রাতেই শিক্ষার্থী বিক্ষোভে উত্তাল হয়ে উঠে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এ ঘটনার বিচারের দাবিতে রবিবার দিবাগত রাতে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ করেছে ছাত্রলীগ ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীর। এ ঘটনায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন তারা।
জানা যায়, রবিবার রাতে রাজধানীর কুর্মিটোলায় বিশ্ববিদ্যালয়ের বাস থেকে নামার পর ধর্ষণের শিকার হন দ্বিতীয় বর্ষের এক ছাত্রী। পরে রাত ১২টার দিকে ওই ছাত্রীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করান তার সহপাঠীরা।