সিএফএ ইনস্টিটিউট রিসার্চ চ্যালেঞ্জ চ্যাম্পিয়ন ঢাকা বিশ্ববিদ্যালয়
‘সিএফএ ইনস্টিটিউট রিসার্চ চ্যালেঞ্জ’ শীর্ষক বৈশ্বিক প্রতিযোগিতার বাংলাদেশ পর্বে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের টিম ‘ফিনকাস্ট’। পরবর্তী রাউন্ডে এশিয়া-প্যাসিফিক অঞ্চলের অন্যান্য টিমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে দক্ষিণ কোরিয়ার সিউলে যাবে দলটি।
শনিবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মর্যাদাপূর্ণ এ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। চ্যাম্পিয়ন দলের সদস্যরা প্রত্যেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী। এদের মধ্যে রয়েছেন শাহেদুল রবি, মান্নাফ ইমতিয়াজ ও আরিফ। তাদের উপদেষ্টা হিসেবে ছিলেন ফিন্যান্স বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইমুম হোসাইন।
প্রসঙ্গত, চতুর্থবারের মতো দেশে রিসার্চ চ্যালেঞ্জ প্রতিযোগিতা আয়োজন করল সিএফএ সোসাইটি বাংলাদেশ। যুক্তরাষ্ট্রভিত্তিক সিএফএ ইনস্টিটিউটের সদস্য সংগঠনটি দেশে বিনিয়োগসংশ্লিষ্ট পেশার মানোন্নয়নের পাশাপাশি পুঁজিবাজারের উন্নয়নে কাজ করে যাচ্ছে।