আমাদের বিনয়কে দুর্বলতা মনে করবেন না: সাদ্দাম
ছাত্রলীগের বিনয়কে দুর্বলতা মনে না করতে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ডাকসু এজিএস সাদ্দাম হোসেন। তিনি বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস-হানাহানিমুক্ত ক্যাম্পাস হিসেবে দেখতে চায় ছাত্রলীগ। আমাদের বিনয়কে যদি কেউ দুর্বলতা মনে করেন; গণতন্ত্রের নাম করে বিশ্ববিদ্যালয়ে বোমাবাজি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেন; তাদের উদ্দেশ্যে স্পষ্ট করে বলতে চাই— শিক্ষার সাথে সন্ত্রাস একসাথে যাবে না; ছাত্রলীগ এটি নিশ্চিত করেই ছাড়বে।
সোমবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনের এক বছর পূর্ণ উপলক্ষে ‘গণতন্ত্র বিজয় দিবস’ পালন করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। এর অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিজয় র্যালি বের করে ছাত্রলীগ। র্যালি পরবর্তী দুপুরে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ হুঁশিয়ারি দেন সাদ্দাম। এসময় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য ও ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস।
শিক্ষার্থীদের জিম্মি করে, শিক্ষার অধিকারকে জিম্মি করে ক্যাম্পাসে কাউকে রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা করতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ঢাবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক। এছাড়া তিনি আরও বলেছেন, এই চেষ্টা কেউ করলে এর দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি শিক্ষার্থী প্রস্তুত রয়েছে। এমনকি বিশ্ববিদ্যালয়ে কোন ধরনের অনাকাঙ্খিত ঘটনা যেন না ঘটে সেজন্যও সব ছাত্র সংগঠনের সঙ্গে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করার শক্তি বাংলাদেশ ছাত্রলীগের রয়েছে।
এছাড়া ডাকসু ভিপি নুরুল হকদের ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাজেয়াপ্ত ঘোষণা করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের প্রেক্ষাপটে গড়ে উঠা প্ল্যাটর্ফমটিকে শিবিরের ছাত্র সংগঠন আখ্যা দিয়ে ক্যাম্পাসে বাজেয়াপ্তের ঘোষণা দেন ঢাবি ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস। একইসঙ্গে ক্যাম্পাসে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করলে এর উপযুক্ত জবাব দেয়ার জন্য শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মীদের প্রতি আহবান জানান তিনি।
ছাত্রদলকে হুশিয়ারি দিয়ে ঢাবি ছাত্রলীগের সভাপতি বলেন, আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলে দিতে চাই— ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি কোন ককটেল বানানো রাজ্যের ঘটনা ঘটে, তাহলে ক্যাম্পাসে স্বাধীনতাবিরোধী কোন শক্তির অবস্থান থাকতে দিবো না। যদি কোন অন্যায় করেন তাহলে শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতারা সেটার জন্য উপযুক্ত শাস্তি দিতে প্রস্তুত রয়েছে। আপনাদের বলে দিতে চাই— এই চোরাগুপ্তা হামলা কেন, যদি শক্তি থাকে রাজপথে আসুন, রাজপথে মোকাবেলা হবে।