আজও ককটেলে কেঁপে উঠল মধুর ক্যান্টিন, আহত ১
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনের পাশে আজ আবার ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ সোমবার (৩০ ডিসেম্বর) সকালে সেখানে পর পর দু’টি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয় বলে জানা গেছে। ককটেলের স্পিলিন্টারের আঘাতে একজন আহত হয়েছেন।
তবে কে বা কারা ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়েছে সে ব্যাপারে এখনো কিছু জানা যায়নি। ঘটনার পরপরই পালিয়ে যায় দুর্বৃত্তরা। বিস্ফোরণে একজনের কোমরে স্পিলিন্টারের আঘাত লাগে। এতে তিনি আহত হন। আহত হৃদয় মধুর ক্যান্টিনে কাজ করেন বলে জানা গেছে।
পরে ঘটনাস্থলে যান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম গোলাম রাব্বানি। তবে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি।
এর আগে গতকাল ডাকসু ভবনের পাশে তিনটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। সে ঘটনায় জড়িতদের ব্যাপারেও কিছু জানা যায়নি।
এর আগে গত বৃহস্পতিবার মধুর ক্যান্টিনে ককটেল ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। তবে সেটি পুরোপুরি বিস্ফোরিত না হওয়ায় কোন হতাহতের ঘটনা ঘটেনি। মধুর ক্যান্টিনের পশ্চিম দরজার সামনে ককটেলটি ছুড়ে ফেলে দুর্বৃত্তরা।
এতে হালকা শব্দ ও ধোয়া বের হলেও সেটি পুরোপুরি বিস্ফোরিত হয়নি। তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত লোকজন পানি ঢেলে দেয় ককটেলে। কে বা কারা ককটেলটি ছুঁড়ে মারে সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।