২৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৪৫

ঢাবিতে ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত অধ্যাপক সিআর আবরারের গাড়ি

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. সি আর আবরারের গাড়ি। তবে এতে গাড়িতে থাকা কারো কোনো ক্ষয়-ক্ষতি হয়নি বলে নিশ্চিত হওয়া গেছে।

অধ্যাপক সি আর আবরার একজন স্বনামধন্য অভিবাসন বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক।

রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে পাঁচটার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণে গাড়ির চাকা বিদ্ধ হয়ে ফুটো হয়ে গিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সি আর আবরার বলেন, বিকেল পাঁচটার দিকে অধ্যাপক ড. তালুকদার মনিরুজ্জামানের জানাযা শেষ করে ফেরার সময় মধুর কেন্টিনের পশ্চিম পাশে বাম দিকে মোড় নিয়ে আইবিএর সামনের রাস্তায় আসা মাত্র বিকট শব্দ হয়। এবং ধোয়া বের হচ্ছিল তখন। আর বাতাসে বারুদের গন্ধ ছিলো।

তিনি বলেন, আমার ড্রাইভার গাড়ি থেকে নেমে দেখে সেখানে প্যাকেট, টেপ এবং স্ক্রু পড়ে রয়েছে। গাড়ির টায়ারে বড় একটা ফুটো হয়েছে। আশপাশে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লোকদের মাধ্যমে জানতে পারলাম এটা বিস্ফোরক জাতীয় কিছু ছিলো।

ক্ষয়ক্ষতির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি ঠিক আছি কারো কোনো ক্ষতি হয়নি, শুধু গাড়ির চাকা গেছে।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম গোলাম রব্বানী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি ছবি দেখেছি। বিস্ফোরণে চাকা বিদ্ধ হয়েছে। স্যারের কিছু হয়নি মর্মে আমি সংবাদ পেয়েছি।

এর আগে একই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটে বলে জানা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। তার আগে গত বৃহস্পতিবারও ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।