নুরদের ভিডিও জবানবন্দি নিল তদন্ত কমিটি
ডাকসু ভবনে হামলার ঘটনায় হাসপাতালে চিকিৎসাধীন নুরদের ভিডিও জবানবন্দী নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যলয় থেকে গঠন করা তদন্ত কমিটি। আজ শনিবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তদন্ত কমিটির সদস্যরা নুরসহ আহতদের সঙ্গে দেখা করে ঘটনার বিষয়ে অনুসন্ধান করেন।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালে চিকিৎসাধীন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহবায়ক ফারুত হাসান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বিশ্ববিদ্যালয় তদন্ত কমিটির সদস্যরা বেলা সাড়ে ১১টার দিকে আমার সঙ্গে দেখা করতে আসেন। তারা ওইদিনের হামলার বিষয়ে আমাদের ভিডিও জবানবন্দী রেকর্ড করে নিয়ে যান।
তদন্ত কমিটি যেন নিরপেক্ষভাবে কাজ করে তা বলেছি জানিয়ে ফারুক বলেন, আমরা তদন্ত কমিটিকে অনুরোধ করেছি রাজনীতির উর্ধ্বে গিয়ে তদন্ত করার। আপনারা জাতির অভিভাবক। আপনাদের দিকে পুরো জাতি তাকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো যায়গায় হামলা করেও যদি ক্ষমতার দাপটে সন্ত্রাসীরা বেঁচে যায় তাহলে জাতি আপনাদের ক্ষমা করবে না।
এদিকে ডাকসু ভবনে হামলার ঘটনায় গত ২২ ডিসেম্বর ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ঘটনার সাথে কারা জড়িত তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম।