২৮ ডিসেম্বর ২০১৯, ১১:৩৭

বিকালে সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের গণপদযাত্রা ও সমাবেশ

  © ফাইল ফটো

আনুষ্ঠানিক আবির্ভাবের পর প্রথম কর্মসূচীর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নব গঠিত প্ল্যাটফর্ম ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য। কর্মসূচীর অংশ হিসেবে আজ শনিবার (২৮ ডিসেম্বর) বিকালে গণপদযাত্রা ও সমাবেশ করবে সংগঠনটি।

সংগঠনের অন্যতম নেতা এবং ডাকসুর সমাজসেবা বিষয়ক সম্পাদক আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেন।

আখতার হোসেন  বলেন, বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য থেকে গণপদযাত্রা শুরু হবে। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে করে রাজু ভাস্কর্যতে এসে সমাবেশের মাধ্যমে কর্মসূচী শেষ হবে।

বর্তমান সময়ে দেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সরকার দলীয় ছাত্রসংগঠনের সন্ত্রাস-দখলদারিত্ব ও সহিংসতার বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা দিয়েছে ১২টি সক্রিয় ছাত্রসংগঠন। ‘সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এই জোটটি আত্মপ্রকাশ করেছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে জোটের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক আখতার হোসেন এই ঘোষণা দেন। তিনি বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাও।

সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্যের মধ্যে থাকা সংগঠনগুলো হলো- বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট, ছাত্র ফেডারেশন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (মাক্সবাদী), বিপ্লবী ছাত্র মৈত্রী, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলন, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, নাগরিক ছাত্র ঐক্য, স্বতন্ত্র জোট ও ছাত্র গণমঞ্চ।