ডাকসুতে নুরদের ওপর হামলার ঘটনায় তদন্ত কমিটি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলার ঘটনায় ৬ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
সোমবার (২২ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘রবিবার আনুমানিক বেলা ১২.৩০টার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু ভবন ও মধুর ক্যান্টিন এলাকায় এক অনাকাঙ্খিত ও দুঃখজনক ঘটনা ঘটে। এই ঘটনাটি কেন ও কীভাবে সংঘটিত হল এবং এর সাথে কারা জড়িত, তা সুষ্ঠুভাবে তদন্ত করার জন্য কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেনকে আহ্বায়ক করে ছয় সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
কমিটির অন্য সদস্যরা হলেন, শামসুন নাহার হলের প্রভোস্ট অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য অধ্যাপক ড. অসীম সরকার, স্যার পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. মহিউদ্দিন, বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট সদস্য ড. মো. মিজানুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মাঈনুল করিম।
ঘটনাটি তদন্ত করে ছয় কার্যদিবসের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট সুপারিশসহ প্রতিবেদন প্রদানের জন্য কমিটিকে অনুরোধ করা হয়েছে।