২২ ডিসেম্বর ২০১৯, ২২:২৩

ফারাবির অবস্থার অবনতি, খিচুনি হচ্ছে

আহত ফারাবিকে চিকিৎসা দেওয়া হচ্ছে  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতা-কর্মীদের হামলায় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক ও তার সঙ্গে থাকা অন্তত ২৪ জন আহত হন। তাদের মধ্যে চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।

তারা হলেন- ভিপি নুরুল হক, তার ছোট ভাই আমিনুর, নুরুল হকের ঘনিষ্ঠ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এপিএম সোহেল ও অপর একটি বিশ্ববিদ্যালয়ের ছাত্র তুহিন ফারাবি। এদের মধ্যে ফারাবির অবস্থা কিছুটা অবনতি হয়েছে বলে জানা গেছে।

রবিবার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা মেডিকেলের ক্যাজুয়ালটি ব্লকের আবাসিক সার্জন মো. আলাউদ্দিন বলেন, ফারাবির অবস্থা সংকটাপন্ন। তার শরীরে খিচুনি হচ্ছে। তিনজন জরুরি বিভাগের আইসিইউতে রয়েছেন। বাকি ২০ জনকে জরুরি বিভাগে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে।

এর আগে ডাকসু সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নুর ও তার অনুসারীদের ওপর হামলা চালিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এতে নুরসহ কোটা সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এসময় ডাকসু ভবনে রুমের লাইট বন্ধ করে হামলার অভিযোগ করেছেন তারা।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে অর্ধশতাধিক নেতাকর্মী এ হামলায় অংশ নিয়েছেন। এসময় ডাকসুর সদস্য ও ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলাম ঐতিহ্য তাদেরকে বাঁধা দিতে গেলে তাকেও শিবির আখ্যা দিয়ে লাঞ্ছিত করেন মঞ্চের নেতা-কর্মীরা।

নুরদের উপর হামলার বিষয়ে রাব্বানী বলেন, সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহিরাগতদের নিয়ে ডাকসুতে জড়ো হন নুর। এসময় তাদের হাতে দেশীয় অস্ত্র, রড় ও লাঠি ছিল। পরে ডাকসু ভবনের উপর থেকে নুরের নেতৃত্বে ইট পাটকেল ছুড়তে থাকে।

নুরের উপর হামলার কথা ডাকসুর কাউকে জানায়নি বলে অভিযোগ করে রাব্বানী বলেন, ডাকসু ভিপি আক্রান্ত হলে কেন আমাদের জানায়নি। আমরা তাকে আশ্রয় দিতাম।

আহতদের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন বলেন, আহত ১৫ থেকে ২০ জন ভর্তি আছেন। ভোঁতা কিছু দিয়ে তাঁদের আঘাত করা হয়েছে। সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাঁদের চিকিৎসা করা হচ্ছে। আপাতত তাঁদের অস্ত্রোপচার বা আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই।

এদিকে হামলার ঘটনায় আগামীকাল সোমবার (২৩ ডিসেম্বর) দুপুর ১২ টায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ছাত্রলীগের হামলায় আহত ডাকসু ভিপি নুরুল হক নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গেছেন ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না। রবিবার সন্ধ্যার দিকে নুরকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান তিনি। এ সময় নুর ও তার সাথে আহতদের খোঁজ খবর নেন তিনি। পাশাপাশি হামলায় আহতদের প্রতি সমবেদনা জানান।