২০ ডিসেম্বর ২০১৯, ২১:৫৩

বাতিল হলো ডাকসু-ভারতীয় হাই কমিশনের যৌথ সেমিনার

ভারতীয় হাই কমিশন বাংলাদেশ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে নিয়ে যৌথভাবে সেমিনার আয়োজনের কথা জানিয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। শনিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের হাবিবুল্লাহ বাহার অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হওয়ার কথা। তবে এর একদিন আগেই আজ শুক্রবার সেমিনারটি বাতিল করা হয়েছে।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন আয়োজনের উদ্যোক্তা ও ডাকসু সদস্য মো. তানভীর হাসান সৈকত। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যায়ের কিছু শিক্ষার্থী এই সেমিনারের বিরোধিতা করেছেন; ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকায় আমি নিজেই বিষয়টি দূতাবাসকে জানিয়েছে। ফলে সেমিনারটি বাতিল হয়েছে।

ফেসবুকে তানভীর লিখেছেন, ‘আমি ব্যক্তিগতভাবে মনে করি, পর্যাপ্ত তথ্যের সরবরাহ না থাকায়, যথেষ্ট যোগ্যতা থাকা সত্ত্বেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু শিক্ষার্থী দেশের বাইরে উচ্চশিক্ষার সুযোগ কম পায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের একজন বন্ধু ও প্রতিনিধি হিসেবে আমি চেয়েছি এই বিষয়টি নিয়ে কাজ করতে।

প্রতিবেশী দেশ ভারত সরকারিভাবেই স্কলারশিপ দিয়ে বাংলাদেশের ২০০০ শিক্ষার্থীকে সে দেশে উচ্চশিক্ষার সুযোগ করে দিচ্ছে। এ লক্ষ্যে ঢাকার বিভিন্ন হোটেলে সেমিনারও করছে ভারতীয় দূতাবাস। ওই স্কলারশিপের পূর্ণাঙ্গ তথ্য যাতে আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পায়; সে লক্ষ্যে আমার আমন্ত্রণে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদে একটি সেমিনার করতে রাজি হয়েছিল।

তবে প্রতিবেশী দেশের বর্তমান সংকট ঘিরে আমাদের বিশ্ববিদ্যালয়ের কোনো কোনো শিক্ষার্থী এই সেমিনারের বিরোধিতা করেছেন। ভিন্নমতের প্রতি শ্রদ্ধা থাকায় বিষয়টি আমি ভারতীয় দূতাবাসকে জানিয়েছি। দুঃখের সাথেই বলতে হচ্ছে, সেমিনারটি বাতিল করা হয়েছে।

শিক্ষার্থীদের স্বার্থে আয়োজন করা এই সেমিনারটি ঘিরে যারা আমাকে বিজেপির দালাল বলেছেন, তাদের বক্তব্যের নিন্দা জানাচ্ছি। ভালো কাজে সমর্থন না দিলেও প্রোপাগাণ্ডা ছড়াবেন না প্লিজ। শিক্ষার্থীদের স্বার্থে কাজ করাটাই আমার লক্ষ্য ও উদ্দেশ্য। ব্যক্তি আক্রমণ ও প্রোপাগাণ্ডা ছড়িয়ে আমাদের ভালো কাজ করার আগ্রহ নষ্ট করবেন না।

ভারতীয় দূতাবাস থেকে জানিয়েছে, এ সংক্রান্ত একটি অনুষ্ঠান আগামীকাল ৮টা থেকে ৫টা পর্যন্ত ঢাকার গুলশানের পাঁচ তারকা আমারি হোটেলে হবে। কেউ চাইলে সেখানে যেতে পারেন। এছাড়াও ওই স্কলারশিপ সংক্রান্ত যেকোন সহায়তার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন।’

এর আগে সেমিনারের বিরোধিতা করে নিজের ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অনেকে। নুর লিখেন, ‘ডাকসুকে ব্যবহার করে ভারতের উগ্র সাম্প্রদায়িক দল বিজেপির দালালি! কারা পিছন থেকে কলকাঠি নাড়ছে? নিশ্চয়ই অজানা থাকার কথা নয়।’