ফের ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫ শিক্ষক চাকরিচ্যুত
ছুটি শেষে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫ শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার রাতে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের নিয়মবহির্ভূত কাজে জড়িত থাকায় দুই কর্মচারীকেও চাকরিচ্যুত করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিন্ডিকেট সদস্য অধ্যাপক হুমায়ন কবির বলেন, পাঁচজন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। একই সঙ্গে চাকরিচ্যুত করা হয়েছে দুইজন কর্মচারীকেও। বিশ্ববিদ্যায়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে এই সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়।
চাকরিচ্যুত শিক্ষকরা হলেন—বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক সানোয়ার উদ্দীন আহমেদ, ফিনান্স বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ মুজিবুল কবির, অ্যাকাউন্টটিং ইনফরমেশন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোসাম্মৎ আসমা জাহান, প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহা. সোহেল শামসুজ্জামান, তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক আয়েশা জামান।
চাকরিচ্যুত দুই কর্মচারী কর্মচারী হলেন—প্রকৌশলী দফতরে পিয়ন কাম গার্ড অজিত চন্দ্র ভৌমিক, যার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে এবং পরিবহণ দফতরের উচ্চমান সহকারী মোহাম্মদ কামরুজ্জামান, যিনি অফিসে অনিয়মিত থাকতেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর সিন্ডিকেটের এক সভায় দুই শিক্ষকে চাকরিচ্যুত করা হয়েছিল। ছুটি না নিয়ে তারা দীর্ঘদিন পিএইচডি করতে বিদেশে অবস্থান করায় এ সিদ্ধান্ত নিয়েছিল সিন্ডিকেট। চাকরিচ্যুত দুই শিক্ষক ছিলেন—তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক নাফিস জামান শুভ ও ক্লিনিক্যাল ফার্মেসি ও ফার্মাকোলজি বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ আহসানুল আকবর।