টিএসসির মঞ্চে আসছে নাটক ‘মৃত্যু আসে ছদ্মবেশে’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ২৫ বছর পূর্তি ও ১৪তম কেন্দ্রীয় বার্ষিক নাট্যোৎসব ২০১৯ উপলক্ষে মঞ্চে আসছে নাটক ‘মৃত্যু আসে ছদ্মবেশে’। নাটকটি আগামী ২ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় টিএসসির মূল মিলনায়তনে মঞ্চায়িত হবে।
‘মৃত্যু আসে ছদ্মবেশে’ নাটকটি ইতালির বিখ্যাত নাট্যকার দাড়িও ফো রচিত নাটকের পান্ডুলিপি ‘The accidental Death of An anarchist’ অবলম্বনে তৈরি করা হয়েছে। নাটকটির অনুবাদ ও নির্দেশনা দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র রুদ্র সাওজাল কাব্য।
‘মৃত্যু আসে ছদ্মবেশে’ নাটকের সম্পূর্ণ ঘটনাটি দাঁড়িয়ে আছে একজন কমরেডের মৃত্যু সংক্রান্ত একটি মামলা নিয়ে। যাকে আটক করা হয়েছিল বোমা হামলার অপরাধে। ইতালিয়ান পুলিশের মতে সে আত্নহত্যা করেছে হতাশাগ্রস্থ হয়ে।
কিন্তু তার মৃত্যুর কিছুদিন পরে ইতালিয়ান পুলিশ থেকে একটি বার্তা আসে যে সেই কমরেড নিতান্তই একজন সাধারণ মানুষ ছিলেন যার বিরুদ্ধে কোন অভিযোগ ছিল না। এই বার্তার মাধ্যমে শুরু হয় জল্পনা-কল্পনা।
নাটকের প্রধান চরিত্রে দেখা যাবে এক পাগলকে যার কাজই হচ্ছে ছদ্মবেশ ধারণ করা। সে বিচারকের ছদ্মবেশ ধারণ করে পুলিশ সদর দপ্তরে যায় এবং একের পর এক ঘটনায় সেই মামলার মূল ঘটনা বের হয়ে আসতে থাকে। নাটকের শেষে দেখা যাবে সেই কমরেডের মৃত্যুটি আসলে আত্নহত্যা নয় পুলিশের নির্যাতনের কারণে হয়েছে।
নাটকের নির্দেশক রুদ্র সাওজাল কাব্য বলেন, ‘দর্শক থিয়েটার দেখে আনন্দ পাওয়ার পাশাপাশি থিয়েটারে অবশ্যই এমন কিছু উপাদান থাকা দরকার যা মানুষকে ভাবাবে। হতে পারে সেটা অর্থনৈতিক, রাজনৈতিক কিংবা সামাজিক কোনো প্রতিবন্ধকতা। থিয়েটার দেখার পাশাপাশি মানুষ আরো চিন্তাশীল হোক, মননশীল হোক। সেইসব প্রতিবন্ধকতার সমাধান বের করুক।’
তিনি বলেন, এতে থিয়েটার এর আসল সুফল আমরা হাতেনাতে পাবো। ‘মৃত্যু আসে ছদ্মবেশে’ এমনই একটি নাটক। মানুষ এই নাটক দেখে ভাববে, আলোচনা করবে একটি আলোচনার মঞ্চ সৃষ্টি হবে এ নাটকের দ্বারা এটি আমার বিশ্বাস।
নাটকে অভিনয় করেছে থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ওয়াজেদ শাহরিয়ার হাশমী, আসাদুজ্জামান ফরিদ, জীবন হোসাইন, মিরহাজুল ইসলাম শিবলী, রিফাত জাহান শাওন ও রিফাত করবী।