বিআরটিসির বাস পেল আট শিক্ষাপ্রতিষ্ঠান
প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার হিসেবে দেশের আট শিক্ষাপ্রতিষ্ঠানকে নয়টি বাস হস্তান্তর করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। রবিবার বিআরটিসির কমলাপুর বাস ডিপোতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের হাতে বাসের চাবি তুলে দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
বিআরটিসির বাস পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুটি এবং বান্দরবান সরকারি কলেজ, সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বান্দরবান সরকারি মহিলা কলেজ, খুলনা সরকারি মহিলা কলেজ ও কুমুদিনী সরকারি কলেজকে একটি করে বাস দেয়া হয়েছে।
বাসের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ওবায়দুল কাদের বলেন, সঠিক ব্যবস্থাপনা ও যত্ন নিলে বাসগুলো থেকে দীর্ঘদিন সেবা পাওয়া যাবে।
বিআরটিসি প্রসঙ্গে তিনি বলেন, বিআরটিসি একটি সেবামূলক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানে কোনো অনিয়ম ও দুর্নীতি মেনে নেয়া হবে না। গণপরিবহনের সক্ষমতা বাড়াতে বিআরটিসির বহরে এরই মধ্যে ৬০০ বাস ও ৫০০ ট্রাক যুক্ত হয়েছে। ব্যবস্থাপনা দক্ষতা উন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে সত্যিকার অর্থে সেবামুখী করতে হবে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আলাউদ্দিন, বিআরটিসির চেয়ারম্যান এহছানে এলাহী প্রমুখ। এ সময় বিআরটিসি ও বাস পাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।