২৭ অক্টোবর ২০১৯, ২৩:৪৫

গণরুমে গিয়ে ঢাবি উপাচার্য বললেন—আমি তোমাদের বড় ভাই

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মাস্টারদা সূর্যসেন হলের গণরুম পরিদর্শন করতে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেছেন, ‘আমি তোমাদের বড় ভাই। তোমাদের যা যা সমস্যা আমাকে বলো। কেননা আমিও তোমাদের এই হলে ছিলাম’। রবিবার রাত সাড়ে ৯টার দিকে এসব কথা বলেন তিনি।

সূর্যসেন হলের সাবেক এই শিক্ষার্থী তিনি যে কক্ষে (৫২৮) কক্ষে থাকতেন সেটি এবং ১৭৭, ১৭৮, ১৮৯নং কক্ষ ঘুরে দেখেন। এছাড়া, হলের পাঠকক্ষ ও মেস পরিদর্শন করেন উপাচার্য। এসময় তার সাথে বিশ্ববিদ্যালয় প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী ও হল প্রাধ্যক্ষ অধ্যাপক মকবুল হোসেন ভূইয়া ছিলেন।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির একটি সভায় আবাসিক হলগুলোর গণরুম ও আবাসন সংকট সমাধানের সিদ্ধান্ত হয়। এই পরিপ্রেক্ষিতে গণরুম পরিদর্শন করতে আসেন তিনি। এসময় শিক্ষার্থীদের সঙ্গে সমস্যা সমাধানে বিভিন্ন কথা বলেন উপাচার্য।

উপাচার্য অধ্যাপক ড মো. আখতারুজ্জামান বলেন, আমি তোমাদের সমস্যার সমাধান করব বলেই এসেছি। তোমরা যেসব সমস্যার মধ্যে থাকো তা আমরা উপলব্ধি করতে পেরেছি। আশা করি দ্রুতই এই সমস্যার সমাধান হবে।

সূর্যসেন হলের পর কবি জসীম উদদীন হলের কয়েকটি গণরুম পরিদর্শন করেন উপাচার্য। পরিদর্শন শেষে গণরুম সমস্যা ও আবাসন সংকট নিরসনের আশ্বাস প্রদান করেন উপাচার্য।