৩০ সেপ্টেম্বর ২০১৯, ১৬:২৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে জো বাইক

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বহুল প্রতীক্ষিত জো-বাইক ‘ডি ইউ চক্কর’ চালু করতে কিছু সংখ্যক বাইসাইকেল এনেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)। সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০ থেকে ২৫টি বাইসাইকেল আনা হয়েছে। ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক মো. শামস ই নোমান এই তথ্য নিশ্চিত করেছেন।

আনুষ্ঠানিকভাবে আগামী ৭ অক্টোবর নাগাদ 'ডি ইউ চক্কর' চালু করা হবে বলে জানিয়েছেন ছাত্র পরিবহন সম্পাদক মো. শামস ই নোমান।

প্রাথমিক অবস্থায় বিশ্ববিদ্যালয়ে একশোটি বাইসাইকেল দিয়ে জো বাইক সার্ভিস 'চক্কর' চালু হবে। তবে, আজ আপাতত ২০ থেকে ২৫ টি বাইসাইকেল আনা হয়েছে। বাকি সাইকেল ও অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি সপ্তাহ খানেকের মধ্যে আনা হবে বলে জানান শামস।

প্রসঙ্গত, ডাকসুর সার্বিক সহযোগিতায় এই জো বাইক সার্ভিসটি চালু হবে।

জো বাইক হচ্ছে মুঠোফোনে অ্যাপ্লিকেশনের মাধ্যমে বাইসাইকেল সেবা। এর মাধ্যমে ব্যবহারকারীকে তার মুঠোফোনে নির্দিষ্ট আ্যপসটি ডাউনলোড করতে হয় এবং প্রয়োজনীয় তথ্য দিয়ে একাউন্ট তৈরি করতে হয়। তারপরে ব্যবহারকারী কি কোড স্ক্যান করে বাইকগুলি আনলক করে চালাতে পারে।