ঢাবির কেন্দ্রীয় গ্রন্থাগারে টোকেন নিয়ে সিরিয়াল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়তে বসার জন্য সকালে লাইন ধরে ক্রমান্বয়ে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের। লাইনের ক্রমান্নয় ও শৃঙ্খলা বজায় রাখার জন্য টোকেনের ব্যবস্থা করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
গত শুক্রবার (০৬ সেপ্টেম্বর) বন্ধের আগে দুই-তিন এভাবে টোকেন নিয়ে সিরিয়াল ধরে গ্রন্থাগারে প্রবেশ করেন শিক্ষার্থীরা। তবে গত দুইদিন সরকারি ছুটি হওয়ায় এবং রবিবার সকালে বৃষ্টি হওয়ায় শিক্ষার্থীদের ভীড় তুলনামূলক কম ছিল। এজন্য এই তিনদিন আর টোকেন নিয়ে সিরিয়াল ধরেননি শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার সরকারি ছুটির দিন ব্যতীত সকাল আটায় খোলা হয়। কিন্তু আগে প্রবেশের জন্য শিক্ষার্থীদের অনেকেই ভোর পাঁচটা বা তারও আগে এসে গ্রন্থাগারের সামনে ব্যাগ রেখে সিরিয়াল ধরেন। কিন্তু ব্যাগের মাধ্যমে সিরিয়াল ঠিক থাকে না বিধায় ব্যাগ রাখা শিক্ষার্থীদের মধ্যে যারা সকাল ছয়টায় উপস্থিত থাকেন তাদের টোকেন নিয়ে সিরিয়াল নিশ্চিত করার সিদ্ধান্ত নেন গ্রন্থাগারে নিয়মিত পড়তে আসা কিছু শিক্ষার্থী।
বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে নিয়মিত পড়তে আসা কিছু শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায়, বিসিএস পরীক্ষার সময় গ্রন্থাগারে আসন পাওয়া খুব দুষ্কর। এজন্য, ভোর পাঁচটা বা তারও আগে এসে শিক্ষার্থীরা নিজেদের ব্যাগ রেখে সিরিয়াল ধরতেন। পরে সকাল আটটায় গ্রন্থাগার খোলা হলে ব্যাগের সিরিয়াল অনুযায়ী প্রবেশ করতেন শিক্ষার্থীরা। কিন্তু গত কয়েকদিন ধরে শিক্ষার্থীরা যখন ব্যাগ রেখে চলে যেতেন তখন কিছু শিক্ষার্থী এসে সিরিয়াল ভেঙে আগে বা মধ্যখানে ব্যাগ রেখে দিতেন। আবার অনেকে একাই তার তিন-চার জন সহপাঠীর ব্যাগ এনে লাইনে রেখে দিতেন। এতে অনেক শিক্ষার্থী সকাল সকাল এসেও অনেক পেছনে সিরিয়াল পেতেন। এই সমস্যা সমাধানের জন্য ব্যাগ রাখা শিক্ষার্থীদের মধ্যে সকাল ছয়টায় উপস্থিত শিক্ষার্থীদের টোকেন দেওয়া হতো।
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪৩ হাজার শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশ শিক্ষার্থীই বিশ্বিবদ্যালয়ের আবাসিক হলে থাকেন। কিন্তু হলগুলোর পাঠকক্ষে শতকরা ১০ শতাংশ শিক্ষার্থীরও পড়ার আসন হয় না। বাকি শিক্ষার্থীদের হয় শাহবাগ গণ গ্রন্থাগার, না হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে পড়তে হয়। কিন্তু কেন্দ্রীয় গ্রন্থাগারে মাত্র তিন হাজার শিক্ষার্থীদেরও জায়গা সংকুলান হয় না। তাই প্রতিযোগিতা করে খুব ভোরে এসে লম্বা লাইন ধরে গ্রন্থাগারে প্রবেশ করতে হয় শিক্ষার্থীদের।
এ সমস্যা সমাধানে গ্রন্থাগার কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না। এমনকি টোকেন নিয়ে সিরিয়াল ধরার বিষয়ে গ্রন্থাগার কর্তৃপক্ষ কিছুই জানে না। টোকেন নিয়ে সিরিয়াল ধরার বিষয়ে বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারিক অধ্যাপক ড. এস এম জাবেদ আহমদ দি ডেইলি ক্যাম্পাসকে বলেন, 'এ সম্পর্কে আমি কিছু জানি না। এটা শিক্ষার্থীরা নিজেরা মিলে হয়তো করেছে।' এর বেশি কথা বলতে রাজি হননি তিনি।