ঢাবির সিনেট অধিবেশনে ছাত্রপ্রতিনিধিরা যা বললেন
এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন একটু অন্যরকম হয়েছে। ১৯৯৩ সালের পর এবারই সিনেট অধিবেশনে ডাকসু মনোনীত শিক্ষার্থীদের পাঁচজন প্রতিনিধি অংশ নেন।
তাঁরা হলেন-ডাকসুর ভিপি নুরুল হক, জিএস গোলাম রাব্বানী, সদস্য তিলোত্তমা শিকদার এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনজিত চন্দ্র দাস৷
সিনেট অধিবেশনের বক্তব্য দেন রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী। জিএস গোলাম রাব্বানী রাজধানীর সরকারি সাত কলেজের অধিভুক্তির বিষয়টি পুনর্মূল্যায়ন, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভবনকে শিক্ষার্থীবান্ধব করে তোলা ও অটোমেশনের আওতায় আনাসহ বেশ কয়েকটি দাবি জানান। ডাকসু নির্বাচনে কিছু ত্রুটি-বিচ্যুতি হলেও কোনো ‘অনিয়ম’ হয়নি বলে দাবি করেন তিনি৷
বিশ্ববিদ্যালয়ের আবাসন-ব্যবস্থা ও খাবারের মানোন্নয়নের দাবি জানান ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন। এ ছাড়া, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে অ্যালামনাইদের সম্পৃক্ত করা, বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের উন্নয়ন ও পরিধি বাড়ানো, ডাকসুর বাজেট বাড়ানোসহ কয়েকটি দাবি জানান তিনি।