ঢাবি উপাচার্যকে জনসাধারণের মতো যানজটে বসে দেখার আহ্বান
বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা অনুষ্ঠানে যানজটের দুর্ভোগ মেনে নিতে আহ্বান জানানোর পাল্টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামানকে যানজটের অভিজ্ঞতা নেওয়ার পরামর্শ দিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মিজানুর রহমান ।
তিনি আরও বলেন, “আমি তাকে বলব, আপনিও সাধারণের কাতারে নেমে আসুন। দুই-তিন ঘণ্টা যানজটে বসে থাকুন। তখন হাসিমুখে বলুন, আমি আপনাদের পাশে আছি।”
মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান বলেন, “তিনি বলেছেন, দেশ এগিয়ে যাচ্ছে, এজন্য সাময়িক এই দুর্ভোগ হাসিমুখে মেনে নিতে। ‘‘আপনি দুর্ভোগ পোহাবেন না, জনগণকে হাসিমুখে দুর্ভোগ মেনে নেওয়ার আহ্বান জানাবেন? দেশের মানুষ তা মেনে নেবে, এতটা বোকা এদেশের মানুষ নয়।”
এর আগে রোজায় প্রচণ্ড গরমে যানজটের দুর্ভোগের মধ্যে উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উন্নয়নের খাতিরে যানজট হাসিমুখে মেনে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন।
সড়কে নিরাপত্তার দাবিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি আয়োজিত সভায় মিজানুর আরও বলেন, দেশে এখন আইনের শাসন নেই। আইনের শাসন নেই বলেই এত সমস্যা। এই রাষ্ট্র ধনীদের, গরিবের নয়। ধনীদের অধিকার রক্ষা করে, গরিবের নয়। আজ দেখলাম রিকশা উল্টো পথে চলায় তা উল্টে দেওয়া হয়েছে। একই সড়কে ভিআইপিরা উল্টো পথে সাইরেন বাজিয়ে চলেছে, তাদের গাড়ি উল্টে দিতে পারেনি।”
সড়ক নিরাপদ করতে প্রয়োজনে নতুন আইন প্রণয়নের দাবি জানান আইনের এই শিক্ষক।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরীর সভাপতিত্বে সভায় বিআরটিএর সাবেক চেয়ারম্যান আয়ুবুর রহমান, বিটিসিএল সাবেক নির্বাহী পরিচালক সালেহ আহমেদ, বিআরটিএর পরিচালক মাহবুব ই রব্বানী বক্তব্য রাখেন।