ভুয়া আইডি কার্ডে ঢাবি বাসে যাতায়াত, কলেজ ছাত্র আটক!
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড দেখিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাসে চলার সময় ঢাকা কলেজের এক ছাত্রকে আটক করেছে বাসে চড়া সাধারন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার ওই বাসের শিক্ষার্থীরা তাকে আটক করে প্রক্টর অফিসে সোপর্দ করে। পরে অভিযুক্তের বাবা মুচলেকা দিয়ে তাকে ছাড়িয়ে নিয়ে যান।
জানা যায়, অভিযুক্ত ছেলেটি ঢাকা কলেজের। তার নাম আরমান। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘আনন্দ বাসে’ নিয়মিত যাওয়া আসা করত। বিশ্ববিদ্যালয়ের আনন্দ বাসটি নারায়ণগঞ্জ পর্যন্ত যায়।
আনন্দ বাস কমিটির সদস্যরা জানান, ‘অভিযুক্ত আরমান নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড বানিয়ে ঢাবি ছাত্র পরিচয়ে বাসে যাতায়াত করত। কয়েকমাস আগে বিষয়টি টের পেয়ে তাকে ধরা হয় এবং সতর্ক করা হয়। কিন্তু সে আজকে আবার ওই বাসে ওঠে। বাসের কয়েকজন সদস্য তাকে নিষেধ করলে সে খারাপ ব্যবহার করে। পরে তাকে ধরে বিশ্ববিদ্যালেয়ের প্রক্টর অফিসে সোপর্দ করা হয়।’
সূত্র আরও জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭সেশনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ছাত্র মনিরুল করিম আরমানের পরামর্শে ঢাকা কলেজের ওই ছাত্র নীলক্ষেত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুয়া আইডি কার্ড বানায়। অভিযুক্ত আরমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মনিরুল করিম আরমানের টিউশনির ছাত্র ছিল।
এ বিষয়ে মনিরুল করিম আরমানকে জিজ্ঞাসা করলে তিনি ভুল শিকার করেন। তিনি বলেন, ভুল হয়ে গেছে। সে অমন করবে জানতাম না।
ঘটনার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সোহেল রানা বলেন, ‘ঢাকা কলেজের ছাত্র ভুয়া আইডি কার্ড দেখিয়ে বিশ্ববিদ্যালয়ের একটি বাসরুটে যাওয়া আসা করত। তাকে ধরে আমাদের কাছে সোপর্দ করা হয়। তার বাবা এসে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নিয়ে গেছে। আইডি কার্ডটি জব্দ করা হয়েছে।’