সার্জেন্টের সঙ্গে হাতাহাতি, ঢাবি শিক্ষার্থী হাসপাতালে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় গায়ে মোটরসাইকেলের ধাক্কা লাগাকে কেন্দ্র করে এক পুলিশের সার্জেন্ট এক শিক্ষার্থীর মধ্যে মারধরের ঘটনা ঘটেছে। শুক্রবার বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের ঘটনায় আহত শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেলে ভর্তি করা হয়েছে।
আহত ঢাবি শিক্ষার্থী হলেন এলিচ আল মাহমুদ আকাশ। তিনি বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের আবাসিক শিক্ষার্থী। মোটরসাইকেলের চালক হলেন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ট্রাফিক সার্জেন্ট সুমন আহমেদ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) মোড়ে সার্জেন্ট সুমন আহমেদ মোটরসাইকেল আকাশকে ধাক্কা দেয়। পরে উপস্থিত শিক্ষার্থীরা এবং সার্জেন্টের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতি ঘটে। এতে দু’জনেই আহত হয়।