০২ এপ্রিল ২০১৯, ১৯:৪০

হল থেকে অছাত্রদের বের না করা পর্যন্ত ভিসি বাসভবনের সামনে অবস্থান (ভিডিও)

উপাচার্য ভবনের সামনে নুর ও অন্যান্যরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সলিমুল্লাহ মুসলিম হলে হামলার ঘটনায় এবার উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে ডাকসু ভিপি নুরুল হক, রাশেদ খান ও ফারুক হাসানসহ তাদের সহপাঠীরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে অবস্থান নেয় তারা।

অবস্থান নেওয়া ডাকসু ভিপি নুর বলেন, আজকে রাতের মধ্যে প্রত্যেক হলের বহিরাগত এবং অছাত্রদের বের করতে হবে। নয়তো আমরা এখানে সারারাত বসে থাকবো। তিনি বলেন, আমরা সন্ত্রাসীদের বিচার চাই। সেই সঙ্গে অছাত্রদের হল থেকে বের করতে হবে। যতক্ষণ পর্যন্ত তাদের বের না করা হবে এবং হামলার বিচার না হবে; ততক্ষণ পর্যন্ত অবস্থান করব।

মুহাম্মদ রাশেদ খাঁন বলেন, নুর, আখতার, ইমি ও বেনজিরের উপর হামলা ও নারী নির্যাতনের প্রতিবাদে এবং বিচারের দাবিতে আমরা ভিসির বাসভবনের সামনে অবস্থান নিয়েছি।

এদিকে ছাত্রলীগের ওই হামলায় আহত হয়েছেন ছাত্র ফেডারেশনের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি উম্মে হাবিবা বেনজীর। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।

এর আগে সলিমুল্লাহ মুসলিম হল প্রাধ্যক্ষ বরাবর অভিযোগ দায়ের শেষে বের হওয়ার সময় হামলার শিকার হন নুর ও তার সহপাঠীরা। হলের ছাত্র ফরিদ হাসানকে মেরে রক্তাক্ত করার ঘটনা ও নিজেদের অবরুদ্ধ করার ঘটনায় প্রভোস্টের কাছে অভিযোগ দায়ের শেষে বের না হতেই তাদের ওপর এই হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের ওই হামলা থেকে বাদ যায়নি হল প্রোভোস্টও। তার ওপরও বৃষ্টির মত ডিম নিক্ষেপ করা হয়।