ভিপি-জিএস’র আশ্বাসে ঢাবির হলে আন্দোলন স্থগিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেছে। হল সংসদের ভিপি আকমল হোসেন ও জিএস মেহেদি হাসান শান্ত কর্তৃপক্ষের কাছে শিক্ষার্থীদের দাবি উত্থাপনের আশ্বাস দেন। পরে মঙ্গলবার রাত ৯টার পর আলটিমেটাম দিয়ে আন্দোলন স্থগিত করার ঘোষণা দেয় ক্ষুব্ধ ছাত্ররা। তাদের দাবি মানা না হলে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেয়।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে হলের সামনে বৈধ সিটসহ সাত দফা দাবিতে আন্দোলনের নামে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্ররা। পরে হল সংসদের ভিপি ও জিএস তাদের দাবি মেনে কর্তৃপক্ষের সাথে বসার আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করে শিক্ষাথীরা।
আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থী সাব্বির হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘স্বপ্নের বঙ্গবন্ধু হল বিনির্মাণে আমরা আন্দোলনে করছি। আমাদের হলে আবাসন সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। কর্তৃপক্ষ এ বিষয়ে অবহিত থাকার পরও নির্দিষ্ট কোন পদক্ষেপ নিচ্ছে না । তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।’
এ সময় তিনি বলেন, আন্দোলন চলাকালে হল সংসদে ভিপি ও জিএস এসে আমাদের দাবি আগামীকাল (বুধবার) হল প্রশাসনের কাছে উত্থাপন করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। আমরা এতে আশ্বস্ত হয়ে আপাতত আজকে মতো আন্দোলন স্থগিত করছি। যদি আমাদের দাবি মানা না হয় তাহলে পুনরায় আন্দোলন চালিয়ে যাওয়া হবে।’
‘স্বপ্নের বঙ্গবন্ধু হল বিনির্মাণে আমাদের প্রস্তাব’ শিরোনামে আন্দোলনরত শিক্ষার্থীদের সাত দফা দাবির মধ্যে রয়েছে-
১. প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য প্রয়োজন অনুযায়ী রুম (ন্যূনতম ৪টা) বরাদ্দ করতে হবে।
২. অচিরেই হলকে বহিরাগতমুক্ত করতে হবে।
৩. হলে অবস্থানরত অছাত্র ও মেয়াদোর্ত্তীর্ণ ছাত্রদের অতি দ্রুত হল ত্যাগ করতে হবে। ওই সিটগুলোতে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সিট নিশ্চিত করতে হবে।
৪. হলের দোকানগুলোতে পর্যাপ্ত সংখ্যক পণ্যসামগ্রীর ব্যবস্থা করতে হবে। দীর্ঘ রাত পর্যন্ত (রাত ১/২টা) খোলা রাখতে হবে।
৫. ক্যান্টিনের খাবারের মান উন্নত করতে হবে।
৬. হলে রিডিংরুম এর দখলদারিত্ব বন্ধ করতে হবে। রিডিংরুমের পরিবেশ ও পরিসর বাড়াতে হবে।
৭.হল গ্রন্থাগার সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সপ্তাহে সাত দিনই খোলা রাখতে হবে।