ঢাবির এফএইচ হল সংসদ: ওয়াজেদ মিয়াকে আজীবন সদস্য করার প্রস্তাব
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদে নবনির্বাচিত কমিটির প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে ডাকসু ভবনে ডাকসুর সভাপতি অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামানে সভাপতিত্বে ডাকসুর প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। অন্যদিকে, স্ব স্ব হলে হল ছাত্র সংসদের প্রথম কার্যকারী সভা অনুষ্ঠিত হয়। স্ব স্ব হল ছাত্র সংসদের সভাপতিরা (হল প্রভোস্ট) সভার সভাপতিত্ব করেন।
জানা গেছে, ডাকসু ও হল ছাত্র সংসদের প্রথম কার্যকারী সভায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন নবনির্বাচিত নেতারা। এসময় তারা বিশ্ববিদ্যালয় এবং হলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচন করেছেন।
ফজলুল হক (এফএইচ) মুসলিম হল ছাত্র সংসদের প্রথম কার্যকারী সভায় ওই হল ছাত্র সংসদের সাবেক সহ-সভাপতি (ভিপি) ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. এম ওয়াজেদ মিয়াকে হল সংসদে ‘আজীবন সদস্য’ করার প্রাথমিক সিদ্ধান্ত নেয়া হয়েছে। মুক্ত আলোচনার মাধ্যমে এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে। তাবে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানানো হবে বলে জানিয়েছেন হল ছাত্র সংসদের সংস্কৃতি বিষয়ক সম্পাদক ইমরান হোসেন।
জানা গেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের ছাত্র এম ওয়াজেদ মিয়া ১৯৬১ সালে ফজলুল হক হলের ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ থেকে সহ-সভাপতি নির্বাচিত হন তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে এমএসসি পাশ করার পর ১৯৬৩ সালে তৎকালীন পশ্চিম পাকিস্তানের লাহোরে আণবিক শক্তি কমিশনে চাকরিতে যোগ দেন। ১৯৬৭ সালে লন্ডনের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি লাভের পর দেশে ফেরার পর একই বছর ১৭ নভেম্বর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে তিনি বিয়ে করেন।
স্বৈরশাসনবিরোধী আন্দোলনের কারণে তিনি কিছুদিন কারাবরণ করেন। ১৯৭১ সালে এদেশের স্বাধীনতা সংগ্রাম এবং এর আগে ও পরের রাজনৈতিক প্রেক্ষাপটে তার উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। ড. ওয়াজেদ মিয়া আণবিক শক্তি কমিশনের চেয়ারম্যান হিসেবে ১৯৯৯ সালে অবসর নেন। ২০০৯ সালের ৯ মে দীর্ঘদিন কিডনির সমস্যাসহ হৃদরোগ ও শ্বাসকষ্টে ভুগে ঢাকার স্কয়ার হাসপাতালে ৬৭ বছর বয়সে তার মৃত্যু হয়।