১৬ মার্চ ২০১৯, ১২:২৬

নিউজিল্যান্ডে হত্যাকান্ডে জড়িতদের শাস্তি দাবি ঢাবি শিক্ষার্থীদের

নিউজিল্যান্ডে হত্যাকান্ডের প্রতিবাদে শনিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাবি শিক্ষার্থীদের মানববন্ধন  © টিডিসি ফটো

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে বন্দুকধারীর গুলিতে অসংখ্য হতাহতের ঘটনার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে আয়োজিত এ কর্মসূচি থেকে বিশ্বজুড়ে মুসলমানদের উপর চালানো নির্যাতন-নিপীড়ন বন্ধের আহবান জানানো হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষার্থী সংসদের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

এসময় ইতিহাস বিভাগের ছাত্র সাইফুর রহমান বলেন, ‘ভিডিও গেমসের মত করে হত্যাযজ্ঞ চালানো হয়েছে। পশুর মত নৃসংশভাবে নামাজরত মুসলিমদেরকে হত্যা করা হয়েছে। যখন মসজিদে হত্যা করা হচ্ছিল, গাড়ি থেকে যখন অস্ত্র আনা হচ্ছিল- তখন নিরাপত্তা বাহিনী কি করছিল?’ এসময় এটি পরিকল্পিত হত্যাকান্ড বলেও অভিযোগ করেন তিনি।

নিউজিল্যান্ডের হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে উর্দু বিভাগের ছাত্র মাহমুদুল হাসান বলেন, ‘আজকে প্রতিটি জায়গায় মুসলমানদের হত্যা করা হচ্ছে। অথচ বিশ্বের প্রতিটি মিডিয়া বলে মুসলমানরা হত্যার সঙ্গে জড়িত। কিন্তু বিশ্বের প্রতিটি জায়গায় আজ মুসলমানরা নির্যাতিত হচ্ছে। আমাদেরকে বলা হচ্ছে আমরা সন্ত্রাসী। আসলে যারা এই ধরনের কথা বলছে তারা সন্ত্রাসী।’

মানববন্ধন থেকে এ ধরণের হত্যাকান্ড বন্ধের পদক্ষেপ নিতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহবান জানানো হয়। এছাড়া যারা এ ধরণের ঘটনার সাথে জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা করারও দাবি জানান তারা। কর্মসূচিতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুই মসজিদে হামলার ঘটনায় এ পর্যন্ত ৪৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অনেকে। এ ঘটনায় আটক বন্দুকধারী ব্রেন্টন টারান্টকে আদালতে হাজির করেছে দেশটির পুলিশ। হামলার পর বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়।