১৫ মার্চ ২০১৯, ১৭:৪৪

ঢাকা কলেজেও ছাত্র সংসদ নির্বাচন সময়ের দাবী

গাজী আতাউর রহমান   © ফাইল ফটো

বহুল প্রতিক্ষিত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ১১ মার্চ ব্যাপক অনিয়ম ও কারচুপির মধ্যদিয়ে অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ২৮ বছর পর অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সাধারণ ছাত্রদের আশা ও আকাঙ্খার প্রতিফলন ঘটেনি। ভোট কারচুপির মধ্যদিয়ে ডাকসু নিয়ে সাধারণ ছাত্রদের স্বপ্ন অঙ্কুরেই বিনষ্ট হয়েছে। এই দায় প্রশাসন কোন ভাবেই এড়াতে পারে না।

বৃহস্পতিবার বিকাল ৩টায় ঢাকা কলেজ ক্যাফেটেরিয়ায় ইশা ছাত্র আন্দোলন, ঢাকা কলেজ শাখার বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান উপর্যুক্ত কথা বলেন। তিনি আরও বলেন, ছাত্র সংসদের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীর অধিকার বাস্তবায়ন হয়। শিক্ষার গুণগত মানোন্নয়ন হয়, বজায় থাকে সহশিক্ষামূলক কার্যক্রম। তাই ঢাকা কলেজেও ছাত্র সংসদ নির্বাচন এখন সময়ের দাবী।

প্রধান বক্তার বক্তব্যে ইশা ছাত্র আন্দোলন-এর কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম বলেন, স্বাধীনতা পরবর্তী ছাত্র রাজনীতি যখন ইতিহাস-ঐতিহ্যকে জলাঞ্জলি দিয়ে ব্যবহৃত হচ্ছে ক্ষমতার সিঁড়ি হিসেবে, সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে নষ্ট করছে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ। সেই মুহুর্তে ছাত্র রাজনীতির ইতিহাসকে পুনরুদ্ধার করতে, ক্যাম্পাসে গঠনমূলক রাজনীতি প্রতিষ্ঠা কল্পে ও আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় সৎ, দক্ষ ও যোগ্য নেতৃত্ব তৈরীতে ক্যাম্পাসে নিরলস কাজ করছে ইশা ছাত্র আন্দোলন। এছাড়াও তিনি দাবী করে বলেন, সকল ক্যাম্পাসে নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনে ইশা ছাত্র আন্দোলন পূর্ণ প্যানেলে নির্বাচন করবে।

শাখা সভাপতি মুহাম্মাদ ইমরান বিন নাঈমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ নজরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় কলেজ সম্পাদক এম.এম শোয়াইব। এছাড়াও বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নিউ মার্কেট থানা শাখার সেক্রেটারি কামাল হুসাইন প্রমুখ।

শাখা সভাপতি ইমরান বিন নাঈম বলেন আমরা আশা করি ২৪ বছর ধরে স্থবির থাকা ঢাকা কলেজ কেন্দ্রীয় ছ্রাত সংসদ কার্যক্রম প্রশাসনের যুগোপযোগী নির্বাচন আয়োজনের মধ্যদিয়ে ছাত্র সংসদ তার ক্ষয়ে যাওয়া প্রাণ ফিরে পাবে। সম্মেলন শেষে মুহাম্মাদ মাহমুদুল হাসান কে সভাপতি, মুহাম্মাদ নজরুল ইসলামকে সহ-সভাপতি ও মুহাম্মাদ হাবীবুল্লাহকে সাধারণ সম্পাদক করে ২০১৯ সেশনের নতুন কমিটি ঘোষণা করে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় সহ-সভাপতি এম. হাছিবুল ইসলাম।