ঢাবিতে ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সমাজ কল্যাণ ও গবেষণা ইন্সটিটিউট এবং বাংলাদেশ কাউন্সিল ফর সোস্যাল ওয়ার্ক এডুকেশনের যৌথ উদ্যোগে ‘Globalization of Social Work Education, Practice and Social Plicy in South Asian Region’ শীর্ষক ২দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। সম্মেলনটি বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে শুরু হয়েছে। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) এবং বাংলাদেশ কাউন্সিল ফর সোস্যাল ওয়ার্ক এডুকেশনের সভাপতি অধ্যাপক ড. মুহাম্মদ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে বিশেষ অতিথি ছিলেন, এশিয়ান এন্ড প্যাসিফিক এসোসিয়েশন অফ সোস্যাল ওয়ার্ক এডুকেশনের প্রেসিডেন্ট প্রফেসর ড. জুলকারনাইন এ. হাট্টা এবং সম্মানিত অতিথি ও মূল বক্তা হিসেবে ছিলেন, এশিয়ান রিসার্চ ইন্সটিটিউট ফর ইন্টারন্যাশনাল সোস্যাল ওয়ার্কের পরিচালক প্রফেসর তাতসুরু আকিমতো।
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ছবি: ঢাবি জনসংযোগ
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের পরিচালক অধ্যাপক তাহমিনা আখতার। সম্মেলনে দেশ-বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকবৃন্দ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।