ছাত্রদলের ভোট বর্জন, ভিসি অফিস ঘেরাও
হল থেকে ভোটকেন্দ্র সরানো, নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে পুনারায় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণের দাবিতে ডাকসু ও হল সংসদের নির্বাচন বর্জন করেছে ছাত্রদল। সোমবার দুপুর দেড়টায় বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেয় ছাত্রদলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। এসময় জিএস-এজিএসসহ সব প্রার্থীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলন শেষে ছাত্রদলের প্রার্থী ও সমর্থকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) কার্যালয়ে অবস্থান ধর্মঘট পালন করছেন।
সোমবার সকাল আটটা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও ১৮টি আবাসিক হল সংসদের নির্বাচন একযুগে শুরু হয়। ভোট শুরু হওয়ার আগে থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ আসতে থাকলে দুপুর দেড়টায় ভোট বর্জনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। তারা একইসঙ্গে হল থেকে ভোটকেন্দ্র সরানো, নিরপেক্ষ শিক্ষকদের দিয়ে ভোটগ্রহণের দাবি জানিয়েছে।
এর আগে অনিয়ম, দুর্নীতি ও হামলার অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন বেশ কিছু প্রার্থী। এরমধ্যে কোটা সংস্কার আন্দোলন, বাম জোট ও স্বতন্ত্র প্যানেলের বেশ কিছু প্রার্থী রয়েছেন। নির্বাচনে অনিয়মের প্রতিবাদে আগামীকাল মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে।