১১ মার্চ ২০১৯, ০০:৪৭

ডাকসু: ছাত্রলীগের কড়া নজরদারিতে হলের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা

  © ফাইল ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে যেকোন উপায়ে জয় পেতে মরিয়া ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ। এরই অংশ হিসেবে ভোটের আগের দিন রাতে তাদের কড়া নজরদারিতে রয়েছে বিভিন্ন আবাসিক হলের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা। নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের প্রার্থীদের ভোট দিতে হুমকির দিচ্ছে বলে বিভিন্ন হলের ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীরা রবিবার দিবাগত রাতে প্রথমদ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের ১ম বর্ষের একজন ছাত্র দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘হলের সিনিয়ররা বারবার বলছেন যে, ছাত্রলীগকে অবশ্যই ভোট দিতে হবে। যারা ছাত্রলীগকে ভোট দেবে না, ভোট কেন্দ্রের সিসি টিভি ফুটেজ থেকে তাদের ভিডিও ক্লিপ সংগ্রহ করে তাদের সনাক্ত করা হবে। এছাড়াও যারা ছাত্রলীগকে ভোট দেবে না তাদের বিসিএস পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।’

নাম প্রকাশে অনিচ্ছুক শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের ২য় বর্ষের এক শিক্ষার্থী জানান, ‘হলের সিনিয়ররা বলছেন, আমরা সবাই ছাত্রলীগের সদস্য। আর ডাকসু নির্বাচন ছাত্রলীগের অস্তিত্ব রক্ষার নির্বাচন। তাই আমাদের ছাত্রলীগের সাথে বেঈমানী না করতে বলেছেন তারা।’

মুহসীন হলের এক ছাত্র বলেন, ‘আমরা শপথ করছি যে, কালকের ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলকেই ভোট দেব। পরবর্তীতে আবার বলা হয়েছে, তোমরা ওয়াদা করছো পালন না করলে মুনাফিক হয়ে যাবে’। এভাবে ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থীদের কড়া নজরদারিতে রেখেছেন ছাত্রলীগের নেতারা।

এদিকে, বিভিন্ন হলে রবিবার দিবাগত রাতে প্রথম বর্ষ ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচারণা চালানোর খবর এসেছে। এছাড়াও বিভিন্ন ফেসবুকের গ্রুপে ছাত্রলীগ বিরোধী প্যানেলের প্রার্থীদের নিয়ে বিভিন্ন অপপ্রচার চালানোরও অভিযোগ উঠেছে ছাত্রলীগের বিরুদ্ধে।