ছাত্রলীগের হুমকিতে ক্যাম্পাস ছাড়লো স্বতন্ত্র জিএস প্রার্থী রায়হান
ছাত্রলীগের নেতাদের হুমকির মুখে ক্যাম্পাস ছাড়লো ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্র সংসদের স্বতন্ত্র সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী মো: রায়হানুল ইসলাম। রবিবার রাত ১০টার দিকে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।
তিনি বলেন, ‘নির্বাচন থেকে সরে যেতে হল শাখা ছাত্রলীগের নেতারা আমাকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে। অন্যদিকে, হল প্রশাসনকে বিষয়টি অবহিত করলেও তারা তা আমলে নিচ্ছে না। তাই আমি হলে নিরাপদবোধ করিনি। এজন্য ভোটের আগের রাতে আমি ক্যাম্পাসের বাহিরে চলে এসেছি। তবে আগামীকাল সোমবার ভোটের দিন ক্যাম্পাসে যাব।’
কারা হুমকি দিচ্ছে-এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘হল শাখা ছাত্রলীগের নেতারা। বিশেষ করে আমার প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থীই বেশি হুমকি দিচ্ছেন।’
রাত ১০টার দিকে রায়হানুল ইসলাম তার ফেসবুক এ্যাকাউন্ট থেকে একটি স্ট্যাটাসে লিখেন, ‘আমি মো: রায়হানুল ইসলাম (খোকা বাবু)। মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল সংসদ থেকে সাধারণ সম্পাদক (জিএস) পদে ভোট করছি, আমার ব্যালট নাম্বার-০২। কোনো এক মহল অপপ্রচার করছে যে আমি ভোটের মাঠে নাই, এইটা একটা ডাহা মিথ্যা কথা। আমি ভোটের মাঠে আছি আর ভাল করেই আছি আর থাকবো।’
এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল ছাত্র সংসদ নির্বাচনের আগ মুহুর্তে বিভিন্ন হল থেকে একাধিক স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচন থেকে সরে যেতে ছাত্রলীগের নেতাকর্মীরা হুমকি দিচ্ছেন বলে জানিয়েছে। রবিবার দুপুরে স্যার এ এফ রহমান হলের এক স্বতন্ত্র প্রার্থীও পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
প্রসঙ্গত, আগামীকাল সোমবার সকাল ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবার মোট ভোটার ৪৩ হাজার ২৫৬ জন। ডাকসুতে ২৫টি পদের জন্য লড়ছেন ২২৯ প্রার্থী। আর ১৮টি আবাসিক হলে মোট প্রার্থী ৫০৯। একেকটি হলে ১৩টি পদে নির্বাচন অনুষ্ঠিত হবে।