০৯ মার্চ ২০১৯, ১৭:০৫

ডাকসু: নির্বাচনী প্রচারণায় বাধা দেয়ার প্রতিবাদ ইশা ছাত্র আন্দোলনের

  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ, ছাত্রদল ও বামদের অযৌক্তিক বাঁধার সম্মুখীন হচ্ছেন বলে জানিয়েছে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন। শনিবার এর প্রতিবাদে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফ ও সেক্রেটারি জেনারেল মুহাম্মাদ মুস্তাকিম বিল্লাহ এক যৌথ বিবৃতি দেন। 

বিবৃতিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সকল নিয়ম-নীতি মেনে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন অংশ নিয়েছে। ছাত্রলীগ, ছাত্রদল ও বামদের অযৌক্তিক তীব্র বাধার মুখেও যৌক্তিকভাবে নির্বাচনে অংশ নেয় ইশা ছাত্র আন্দোলন। প্রচারণার শুরুর দিক থেকেই আচরণবিধি মান্য করে প্রচারণা চালিয়ে যাচ্ছিল ইশা ছাত্র আন্দোলন।

আরো বলা হয়,  আজ শনিবার প্রচারণার শেষ দিনে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ঢাবির মেধাবী ছাত্র শেখ ফজলুল করীম মারুফের নেতৃত্বে ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সমর্থিত আতায়ে রাব্বী-মাহমুদ-শরীয়াত প্যানেল। প্রকটর অফিসের সম্মুখ দিয়ে প্রচারপত্র বিতরণের সময় বহিরাগত বাম নেত্রী ডা. মণীষা চক্রবর্তীর নেতৃত্বে বাম সংগঠনের কর্মীরা কুরুচিপূর্ণ শ্লোগান ও ইশা ছাত্র আন্দোলন-এর নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে এলোপাথাড়ি বাক্য ছোড়ে। যা ক্যাম্পাসে লেভেল প্লেয়িং ফিল্ডকে প্রশ্নবিদ্ধ করে।

বিবৃতিতে বলা হয়, ঢাবির কোন শিক্ষার্থী এবং আদর্শিক রাজনীতি করা কোন সংগঠনের কাছ থেকে এই ধরণের আচরণ আমাদের আশাহত করেছে। আমরা মনে করি, ক্যাম্পাস হলো জ্ঞান চর্চার কেন্দ্র। এখানে পারস্পরিক বোঝাপড়া হবে জ্ঞানের মাধ্যমে এবং পরস্পরের মোকাবিলাও হবে জ্ঞানের মাধ্যমে, বাম ধারার মতো আদর্শ ভিত্তিক সংগঠনের নেতাকর্মীরা যখন পেশি শক্তি নির্ভর সংগঠনগুলোর মতো আচরণ করে, তখন আমরা দুঃখ ও ভারাক্রান্ত হই।

নেতারা বলেন, আমরা শান্তিপূর্ণ রাজনীতি করতে চাই, কাউকে প্রতিহত বা প্রতিরোধ করার মতো সহিংস রাজনীতি আমরা সর্বদাই এড়িয়ে চলি। আরও বলেন, আমরা ক্যাম্পাসে সহিংস রাজনীতির চর্চা হতে দিতে পারি না। তাই আসুন, আমরা শান্তিপ্রিয় সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে ক্যাম্পাসে সহাবস্থানপূর্ণ রাজনীতির পরিবেশ সৃষ্টি করি।