হলে উন্নত গবেষণাগার ও ডিজিটাল লাইব্রেরি করার প্রতিশ্রুতি
দুইদিন পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাওয়ার পাশাপাশি দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। এই নির্বাচনে জয়ী হলে উন্নত গবেষণাগার ও ডিজিটাল লাইব্রেরি করার প্রতিশ্রুতি দিয়েছেন বিজ্ঞান শাখার জন্য সংরক্ষিত তিনটি হল সংসদের ভিপি (সহ-সভাপতি) প্রার্থীরা।
তারা হলেন-ড. মুহম্মদ শহীদুল্লাহ হল সংসদে ভিপি পদপ্রার্থী হুসাইন আহমেদ সোহান, ফজলুল হক মুসিলম হল সংসদে ভিপি প্রার্থী শাহরিয়ার সিদ্দিক শিশিম এবং অমর একুশে হল সংসদে ভিপি প্রার্থী তামিম মৃধা। তারা সবাই ছাত্রলীগের সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী সংসদ’ প্যানেল থেকে নির্বাচন করছেন।
হুসাইন আহমেদ সোহাগ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের বিজ্ঞান শাখায় গবেষণার পাশাপাশি ব্যবহারিক শিক্ষাও প্রয়োজনীয়। ব্যবহারিক শিক্ষার জন্য প্রয়োজনীয় উপকরণ আমাদের নেই। নির্বাচিত হলে এ খাতে বরাদ্দ বাড়ানোর জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাবো।
তিনি বলেন, আমাদের বিজ্ঞান শাখার লাইব্রেরিতে বর্তমানে যে বইগুলো পাওয়া যায় তার অধিকাংশই অনেক পুরনো এবং সেগুলোর সর্বশেষ সংস্করণ নেই। তাই হলের লাইব্রেরিকে আধুনিকায়ন ও আধুনিক বই সমৃদ্ধ করার চেষ্টা করবো। তাছাড়া বিজ্ঞান সম্পর্কিত যে বিভিন্ন গবেষণাপত্র আন্তর্জাতিকভাবে প্রকাশিত হয় সেগুলো সহজলভ্য করা ও বিশ্ববিদ্যালয়ে স্থানীয়ভাবে যেসব গবেষণা হয় সাধারণ শিক্ষার্থীরা যাতে অনলাইনে সেগুলোতে মুক্তভাবে প্রবেশাধিকার পায় তা নিশ্চিত করতে কাজ করবো।
শাহরিয়ার সিদ্দিক শিশিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ডিজিটাল লাইব্রেরি গঠন ও যুগের সাথে তাল মিলিয়ে চলতে বিজ্ঞান শাখার হলগুলোতে বিনামূল্যে ইন্টারনেট সরবরাহের চেষ্টা করবেন করবো। সম্ভব হলে প্রশাসনকে সাথে নিয়ে বাইরে থেকে অনুদান আনার চেষ্টা করবো।
অমর একুশে হল সংসদের ভিপি প্রার্থী তামিম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমাদের গবেষণা করার জন্য যে উপকরণ দরকার সেগুলো এতোটা উন্নত নয়। আর গবেষণা খাতে উন্নত দেশের মতো আমাদের পর্যাপ্ত বরাদ্দ নেই। নির্বাচিত হলে প্রশাসনকে সঙ্গে নিয়ে গবেষণা ও ব্যবহারিক শিক্ষার মানোন্নয়নে কাজ করবো।