২৬ ফেব্রুয়ারি ২০১৯, ০০:৫৬

প্রতিবন্ধকতা জয় করে ডাকসুতে লড়বেন চিবল সাংমা

হুইল চেয়ারে বসা চিবল সাংমা  © ফেসবুক থেকে

শারীরিকভাবে প্রতিবন্ধকতার শিকার। চলাফেরা করেন হুইল চেয়ারের সাহাজ্যে। নাম চিবল সাংমা। প্রতিবন্ধী এই শিক্ষার্থী আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগের প্যানেলের সদস্য পদপ্রার্থী। শারীরিক প্রতিবন্ধকতাকে তুচ্ছ করে প্রায় ৪০ হাজার শিক্ষার্থীর ছাত্র প্রতিনিধি হতে চায় চিবল সাংমা। রবিবার ছাত্রলীগের প্যানেল ঘোষণার পর সেখানে চিবল সাংমা সদস্য পদপ্রার্থী মনোনীত হওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে অনেকেই শুভ কামনা জানিয়েছেন।

জাহিদ হাসান নামে একজন লিখেছেন, ‘আহা চোখে মুখে কী স্বপ্ন! চিবল সাংমা। ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেলে সদস্য পদে নির্বাচন করছেন। হুইল চেয়ারটা হোক সকল বাধা ও প্রতিকূলতার শিকল ভাঙার কালের সাক্ষী। শুভ কামনা ও ভালোবাসা চিবল সাংমা’।

ইমরান হোসেন রুকন নামে একজন লিখেছেন, ‘চিবল সাংমাকে ভোট দিবেন কেন জানেন? কারণ আগামীতে যেন শত শত চিবল সাংমা ঢাবিতে আসার সুযোগ পায়, নেতৃতের সুযোগ পায়, মেধা বিকাশের সুযোগ পায়। শারীরিক প্রতিবন্ধীদের জন্মের পর থেকে সমাজ বা পরিবারের বোঝা মনে না করে তাদের চিবল সাংমা করার স্বপ্ন দেখে প্রতিটা পরিবার তাই চিবল সাংমাকে ভোট দিবেন ঢাবিয়ানরা। জয় হবে চিবল সাংমার। জয় হবে ছাত্রলীগের’।

এ ব্যাপারে চিবল সাংমা জানান, ‘বিগত ২৮ বছরের অচলায়তন ভেংগে স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয় বিনির্মাণের অগ্রযাত্রায় সবাইকেই পাশে চাই’।

জানা যায়, চিবল সাংমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষার্থী। দেশের বাড়ি ময়মনসিংহ। তিনি ফিজিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) নামের একটি প্রতিবন্ধী কল্যাণ সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহ-সভাপতি। এছাড়া তিনি টিএসসিভিত্তিক বিভিন্ন সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন।