২৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:৪০

মুহসীন হলে শিক্ষার্থীদের পাশে থাকবে শিশির-মিজান

শহিদুল হক শিশির (বামে) এবং মেহেদী হাসান মিজান

আগামী ১১মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদের নির্বাচন। এতে হাজী মুহম্মদ মুহসীন হল সংসদে ছাত্রলীগের প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে  শহিদুল হক শিশির ও সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পেয়েছেন মেহেদী হাসান মিজান। হল সংসদ নির্বাচনে জয়ী হয়ে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করার আশাবাদ ব্যক্ত করেন তারা।

রবিবার বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ছাত্রলীগের প্যানেল ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান সনজিত চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী এবং ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন।

মুহসীন হলে সাধারণ শিক্ষার্থীদের সুবিধা অসুবিধায় পাশে থাকতে চান ছাত্রলীগ প্যানেল থেকে মনোনয়ন পাওয়া এ দু’নেতা। সাধারণ সম্পাদক (জিএস) পদে মনোনয়ন পাওয়া মেহেদী হাসান মিজান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘আমি হল সংসদে নির্বাচিত হলে সর্বদা সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করবো।  এছাড়া হলে শিক্ষার্থীদের অসুবিধাগুলো তালিকাবদ্ধ করে প্রশাসনের কাছে তুলে ধরবো। দল মত বা গ্রুপিংয়ের ঊর্ধ্বে উঠে সকলের ভালো কিভাবে হয় সেটা খুঁজে বের করার চেষ্টা করবো।’