২১ ফেব্রুয়ারি ২০১৯, ২০:০৪

নিখোঁজ ঢাবি ছাত্র অমল ফিরছেন

অমল সাহা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অমল সাহা নামের নিখোঁজ শিক্ষার্থীকে পাওয়া গেছে। বৃহস্পতিবার রাতে তার সাথে যোগাযোগ হয় বলে জানিয়েছে বড় ভাই অমিয় সাহা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ফিরে আসছেন বলে জানান তার ভাই। এর আগে বুধবার রাত থেকে অমলকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ঢাবির ফলিত পরিসংখ্যান বিভাগের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় অমিয় সাহা মোবাইলে দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পরিবার থেকে অমল সাহের সাথে যোগাযোগ হয়েছে। বুধবার রাতে সে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বন্ধুর কাছে ছিল। এসময় তার মোবাইলও বন্ধ থাকায় আমরা চিন্তিত ছিলাম। এখন (বৃহস্পতিবার সন্ধ্যা) ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দিছে।’

এর আগে অমিয় সাহা দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘অমল কিছুদিন জগন্নাথ হলে ছিলো। পরে সে আরামবাগে একটি মেসে ওঠে। গতকাল (বুধবার) রাত দশটার দিকে তাকে কল দিলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। অমলের সহপাঠীরা জানান, বিকাল সাড়ে তিনটার ক্লাসে তিনি উপস্থিত ছিলেন। এরপর থেকে কোথায় গেছে কোনো খোঁজ নেই।’ বুধবার রাতে চকবাজার অগ্নিকাণ্ডের ঘটনার ফলে তার পরিবার ও সহপাঠীরা অজানা শঙ্কায় ছিলেন। 

এদিকে, এই অগ্নিকাণ্ডে কাওসার আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্র নিহত হয়েছেন। নিহত কাওসার আহমেদ সূর্যসেন হলের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ২০১৩-২০১৪ বর্ষের ছাত্র। নিহতের বাড়ি কুমিল্লায় বলে জানা গেছে। কাওসারের মৃত্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোক নেমে এসেছে।