চলচ্চিত্রকার খসরুকে ঢাবিতে শেষ শ্রদ্ধা
বাংলাদেশের সুস্থধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম এ পথিকৃৎ চলচ্চিত্রকার মুহম্মদ খসরুকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অপরাজেয় বাংলার পাদদেশে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ। বুধবার বেলা ১১টায় সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য তার মরদেহ অপরাজেয় বাংলার পাদদেশে আনা হয়। সেখানে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক অঙ্গনের নেতাকর্মীরা তার মরদেহে শেষ শ্রদ্ধা জানান। দুপুর ১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়ছে।
মুহম্মদ খসরুর মরদেহে শ্রদ্ধা জানান- ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ, রেইন বো চলচ্চিত্র সংসদ, প্রাচ্য নাট্যসহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও নাট্য সংসদের নেতাকর্মীরা। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন- ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ, শংকর সাঁওজাল, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ফকির আলমগীর, ঢাবি চারুকলা অনুষদের ডিন অধ্যাপক নিসার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতা মারুফা আক্তার পপি প্রমুখ।
চলচ্চিত্রকার মুহম্মদ খসরুর মরদেহে শ্রদ্ধা জানিয়ে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করেছেন। তিনি একাধারে চলচ্চিত্র পরিচালক, সম্পাদক ও দক্ষ সংগঠক ছিলেন। তিনি যে আন্দোলন করেছেন দেশে সেটা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন হাসান মাহমুদ।
নাট্যব্যক্তিত্ব মামুনুর রশীদ বলেন, তার অনেক ভক্ত থাকা সত্ত্বেও তিনি নিঃসঙ্গ থাকতেন। বাংলাদেশ আমলে চলচ্চিত্রের যে নতুন ধারা রচিত হয়েছে তার নেপথ্যে ছিলেন তিনি। আমাদের নাট্য আন্দোলনের পেছনে তার পরোক্ষ ভূমিকা আছে।
উল্লেখ্য, বাংলাদেশে সুস্থ ধারার চলচ্চিত্র আন্দোলনের অন্যতম পথিকৃৎ মুহম্মদ খসরু মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বারডেম হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।