ঢাবিতে কিবরিয়া আন্তর্জাতিক ছাপচিত্র মেলা শুরু
তিন দিনব্যাপী কিবরিয়া আন্তর্জাতিক ছাপচিত্র মেলা-২০১৯ শুরু হয়েছে। শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের জয়নুল গ্যালারীতে ৮ম বারের মত এ মেলা শুরু হয়। কিবরিয়া ছাপচিত্র মেলা উদযাপন পরিষদ এবং কিবরিয়া ছাপচিত্র স্টুডিও-্এর যৌথ উদ্যোগে এ মেলা চলবে আগামী রবিবার পর্যন্ত। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৮টা পযর্ন্ত মেলা চলবে।
শিল্পী অধ্যাপক সৈয়দ আবুল বারক আলভীর সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশেষ অতিথি ছিলেন শিল্পী অধ্যাপক রফিকুন নবী ও শিল্পী মনিরুল ইসলাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চারুকলা অনুষদের ডিন অধাপক নিসার হোসেন ও শিল্পী শহিদ কবির।
ডা. দীপু মনি বলেন, আমি শিল্পী নই, শিল্পী বোদ্ধাও নই। কিন্তু শিল্পীদের অনেক ভালবাসি ও শ্রদ্ধা করি। এ মেলার আমি সফলতা কামনা করি।
রফিকুন্নবী বলেন, এই আয়োজন আগের চাইতে বড় হচ্ছে। এটা দিয়ে বুঝতে পারছি, আজকের তরুণ প্রজন্ম বিষয়টি গুরুত্ব সহকারে দেখছে। তিনি বলেন, ছাপচিত্র একটি কঠিন মাধ্যম। প্রথমে বিষয় ভাবতে হয়, পরে উপস্থাপনা নিয়ে ভাবতে হয়। এগুলো ভেবে এগোতে হয়। যখন একজন শিল্পী চাপচিত্রে সই করেন তখন চাপচিত্র মূল্যবান হয়।
জানা গেছে, এবারের ছাপচিত্র মেলায় দেশ ও দেশের বাইরের ২০টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।উদ্ধোধনী অনুষ্ঠানে দেশের বরেণ্য শিল্পী শহিদ কবিরকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এছাড়া ৬ জন কৃতি শিক্ষার্থীকে পুরষ্কার প্রদান করা হয়। তারা হলেন-নাসরিন জাহান অনিকা, সৌরভ চৌধুরী, রফিকুল ইসলাম, মশিউর রহমান, ফারিয়া রহমান এয়ং ইকবাল মাওহাত চৌধুরী।