২৩ জানুয়ারি ২০১৯, ১৭:৩৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি উদ্বোধন

  © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শহীদ আবদুর রব সেরনিয়াবাদ কেন্দ্রীয় লাইব্রেরির উদ্বোধন করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড.এস এম ইমামুল হক। আজ সকালে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় লাইব্রেরির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এস এম ইমামুল হক, কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড.মুহসিন উদ্দীন, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. হাসিনুর রহমান।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। 

চারতলা বিশিষ্ট এই লাইব্রেরীতে রয়েছে আধুনিক সকল সুযোগ-সুবিধা। লাইব্রেরীটিতে শিক্ষার্থীদের পড়ার জন্য প্রায় ৩০ হাজার বই রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন ম্যাগাজিন ও পত্রিকা পাঠের ব্যবস্থা। সংযুক্ত করা হয়েছে একটি অনলাইন জার্নাল সুবিধা।

লাইব্রেরি উদ্বোধন হওয়ায় শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। সাংবাদিকতা বিভগের ছাত্র সোহেল রানা বলেন, লাইব্রেরি একটি বিশ্ববিদ্যালয়ের প্রাণ। আজ বরিশাল বিশ্ববিদ্যালয় সেই প্রাণের পূর্ণতা পেল।

বাংলা বিভাগের ছাত্র সজীব বলেন, ২০১১ সালে প্রতিষ্ঠিত বরিশাল বিশ্ববিদ্যালয় এত দিন পর্যন্ত কোন কেন্দ্রীয় লাইব্রেরি ছিল না। একটি অস্থায়ী রুমে, স্বল্প পরিসরে এর কার্যক্রম চলতো।কেন্দ্রীয় এই লাইব্রেরীর উদ্বোধনের মাধ্যমে বিশ্ববিদ্যালয় স্বয়ংসম্পূর্ণতা পেল।