হুমায়ূন জন্মোৎসবে ঢাবিতে বর্ণিল সাজ
কিংবদন্তি কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন আজ। প্রিয় লেখকের জন্মদিনটি অন্যবছরের মতো এবারও নানা আয়োজনে পালন করছে হুমায়ূন প্রেমীরা । দিবসটি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এর টিএসসি সেজেছে বর্ণিল সাজে। বর্ণাঢ্য আয়োজনে ঢাবিতে দিবসটি পালন করছে হিমু পরিবহন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের মেধাবী ছাত্র হুমায়ূন আহমেদ, পড়াশোনার পর্ব শেষ করে ঢাবিতেই খণ্ডকালীন প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন। পরে যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয় থেকে পলিমার ক্যামিস্ট্র্রির উপর পিএইচডি ডিগ্রি নিয়ে শিক্ষকতাতেই স্থায়ী হন। পর শিক্ষকতা ছেড়ে পুরোমাত্রায় সাহিত্য রচনায় মনোনিবেশ করেন।সহজ-সরল গদ্যে জীবনের কথকতা তুলে ধরা তার উপন্যাস এদেশে পাঠক তৈরিতে বড় ভূমিকা পালন করে।
হিমু পরিবহন, নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ভক্তদের সংগঠন৷ বাংলাদেশে একটি আন্তর্জাতিক মানের ক্যান্সার হাসপাতাল গড়ার লক্ষ্যে কাজ করছে হিমু পরিবহণ ৷ এছাড়া শীতবস্ত্র বিতরণ, রক্তদান, ক্যান্সার রোগীদের সহয়তা ও পুনর্বাসন সহ বিভিন্ন সামাজিক কাজ করছে হিমু পরিবহণ ৷ ২০১৩ সালের ১৯ জুলাই হিমু পরিবহণ তাদের কার্যক্রম শুরু করে ৷ বর্তমানে দেশের ৬৪ টি জেলা এবং বিভিন্ন দেশের অনেক বিখ্যাত শহরে হিমু পরিবহন তাদের কার্যক্রম পরিচালনা করছে।
দিবসটি উপলক্ষে সকাল ৬ টায় ঢাবির কার্জন হল থেকে পায়ে হেঁটে একটি প্রতিনিধি দল নুহাশপল্লীর উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ দলটি বিভিন্ন জায়গায় ক্যান্সার সচেতনতামূলক লিফলেট বিতরণ করে।
দ্বিতীয় পর্বে ঢাবির আয়োজন করা হয় লেখকের বইয়ের প্রচ্ছদ প্রদর্শনী, উদ্বোধন করা হয় বিশেষ ক্রোড়পত্রের। রাতের আয়োজনে আছে সাংস্কৃতিক উৎসব।
হুমায়ূন আহমেদ একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কারসহ দেশ-বিদেশে বিভিন্ন পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। তিনি কোলন ক্যান্সারে আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই নিউইয়র্কে ইন্তেকাল করেন।