ঢাবিতে ভাস্কর্য বিভাগের বার্ষিক প্রদর্শনী
ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগ প্রতিবছরের মত এবারও আয়োজন করেছে বার্ষিক শিল্পকর্ম প্রদর্শনী। অনুষদের জয়নুল গ্যালারিতে সপ্তাহব্যাপী এই প্রদর্শনী ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। যা চলবে ৭ নভেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী।
এ বছর প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্ণ করেছে ভাস্কর্য বিভাগ। একই সাথে চারুকলা অনুষদ সূচনার ৭০ বছরও পূর্ণ হচ্ছে। ফলে এবারের আয়োজনটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলে দাবি করেছেন ভাস্কর্য বিভাগের চেয়ারম্যান এ এ এম কাওসার হাসান। তিনি বলেন, বরাবরের মত এবারও দর্শকবৃন্দ প্রদর্শনী উপভোগ করছেন। পাশাপাশি নিরীক্ষায় অবহিত হয়ে শিক্ষার্থীদের নান্দনিক বৈশিষ্টের সমালোচনামূলক মূল্যায়ন শিক্ষার্থীদের এবং বিভাগের অগ্রগতিতে অবদান রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
এবারের প্রদর্শনীতে স্থান পেয়েছে ২০১৭-১৮ শিক্ষাবর্ষের বিএফএ ও এমএফএ প্রোগ্রামের শিক্ষার্থীদের সারা বছরের অনুশীলন ও নিরীক্ষা থেকে বাছাইকৃত কাজসমূহ। মানুষের জীবনযাত্রা, প্রকৃতির নানান রূপ ও বৈশিষ্ট্র এবং বাস্তব জীবনের বিভিন্ন দিক প্রাধান্য পেয়েছে শিল্পকর্মগুলোতে। ভাস্কর্য ছাড়াও প্রদর্শিত হচ্ছে দৃশ্যশিল্প ও চিত্রকর্ম।
বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী সুমিত সেন বলেন, ভাষ্কর নভেরা আহমেদের মাধ্যমে আধুনিক ভাস্কর্যের চর্চা শুরু। আমাদের এ আয়োজনে আমরা সবসময় যুগোপযোগী ভাস্কর্যগুলোকে প্রাধ্যান্য দেয়ার চেষ্টা করি।
৩য় বর্ষের শিক্ষার্থী দেবব্রত বিশ্বাস বলেন, আমাদের সমাজের মানুষ ভাস্কর্য আর মূর্তি বা প্রতিমাকে এক করে দেখে । এ প্রদর্শনীর মাধ্যমে মানুষের ধারণা আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে।
৩য় বর্ষের শিক্ষার্থী পুলক বাড়ই বলেন, দেশের বিভিন্ন জায়গা থেকে শিল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ প্রদর্শনী দেখতে আসছেন। দেশের ভাস্কর্য শিল্পের উন্নতির জন্য সরকারের পাশাপাশি সমাজের মানুষেরও এগিয়ে আসা প্রয়োজন বলে জানান তিনি।