০১ নভেম্বর ২০১৮, ০২:০৪

ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষক চাকরিচ্যুত

একাডেমিক কার্যক্রমে উদাসীনতা ও শিক্ষা ছুটি শেষে চাকরিতে যোগদান না করায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তিন শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। বুধবার রাতে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। 

চাকরিচ্যুত শিক্ষকরা হলেন- উন্নয়ন অধ্যয়ন বিভাগের বিপ্লব কুমার দত্ত (প্রভাষক), জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তির অভিষেক জামান (প্রভাষক) এবং আন্তর্জাতিক সম্পর্কের আজহার জাফর শাহ (সহকারি অধ্যাপক)।

সিন্ডিকেট সূত্রে জানা যায়, বিপ্লব কুমার দত্ত ও অভিষেক জামান শিক্ষাছুটি নিয়ে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন। কিন্তু তাদের ছুটি শেষ হওয়ার পরও তারা বিভাগে যোগদান করেননি। তাই তাদের চাকরিচ্যুত করে বিশ্ববিদ্যালয় থেকে নেয়া আর্থিক সুবিধা ফেরতের সিদ্ধান্ত নেয়া হয়েছে। অন্যদিকে আজহার জাফর ক্লাসে অনুপস্থিত ও একাডেমিক সংশ্লিষ্টতা না থাকায় তার বিরুদ্ধে চাকরিচ্যুতের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান বলেন, ‘নৈতিক অবস্থান থেকে আমাদের সিদ্ধান্ত নিতে হয়৷বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।’