‘ঘ’ ইউনিটের পরীক্ষা পুনরায় নেয়া সম্ভব নয় : ঢাবি উপাচার্য
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) 'ঘ' ইউনিটের প্রশ্নফাঁসের বিষয়টি স্বীকার করেছেন উপাচার্য অধ্যাপক ড. মো আখতারুজ্জামান। তবে পুনরায় পরীক্ষা নেয়া হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, হাজার হাজার শিক্ষার্থীর জীবন নিয়ে খেলা করার সুযোগ নেই। আমরা যাদের বিরুদ্ধে প্রমাণ পেয়েছি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। সবার পরীক্ষা পুনরায় নেয়া সম্ভব না।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টায় কেন্দ্রীয় ভর্তি অফিসে 'ঘ' ইউনিটের ফলাফল প্রদানের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপাচার্য।
তিনি আরো বলেন, যখনই যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া যাবে সে যদি বিশ্ববিদ্যালয় থেকে পাশও করে ফেলে তারপরও তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বিচারহীনতার সংস্কৃতি এখানে থাকবে না। আর এটাকেই বলে সুশাসন।
উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়ায় আমরা কিছু সংস্কার নিয়ে আসবো। একাডেমিক কাউন্সিল এ বিষয়ে সুপারিশ করবেন। আমরা আমাদের নিজস্ব প্রিন্ট আধুনিকায়ন এর কাজ করছি, এরপর থেকে বাইরের প্রতিষ্ঠানগুলো কাজ করতে এখানে আসবে, আমাদের বাইরে যেতে হবে না।
জালিয়াতি করে কেউ ভর্তি হতে পারবে না উল্লেখ করে উপাচার্য বলেন, যাদের বিরুদ্ধেই সন্দেহের উদ্বেগ হবে আমরা তাদেরকে আবার যাচাই বাচাই করব। এসময় উপাচার্যের সাথে আরও উপস্থিত ছিলেন, উপ-উপাচার্য অধ্যাপক সামাদ, 'ঘ' ইউনিটের সমন্বয়ক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন সাদেকা হালিম।