১৪ অক্টোবর ২০১৮, ১৭:৪৭

রিমান্ডে ঢাবির প্রশ্নপত্র ফাঁসের ৬ আসামি

মামলার এজহার  © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের মামলায় গ্রেফতার ৬ আসামীর রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ঢাকা মহানগর হাকিম আদালতের বিচারক দেবব্রত বিশ্বাস শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে শনিবার রাতে প্রশ্নফাঁস ও ডিজিটাল জালিয়াতির অভিযোগে এই ৬ আসামিকে গ্রেফতারসহ তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে শাহবাগ থানায় মামলা দায়ের করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা কামরুল আহসান।

রিমান্ডের আসামিরা হলো, জাহিদুল ইসলাম (৪৫ ), ইনসান আলী রকি (১৯), মোস্তাকিম হোসেন (২০), সাদমান সালিদ (২১), তানভির আহমেদ (২১) ও আবু তালেব (১৯)।

রবিবার বিকালে মামলার তদন্ত কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করে আসামিদের আদালতে হাজির করেন। রিমান্ডের আবেদনে বলা হয়, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে ঘটনার সঙ্গে আরও কারা জড়িত আছে, তা উদঘাটনের জন্য আসামিদের রিমান্ডে নেওয়া প্রয়োজন। শুনানি শেষে প্রত্যেক আসামির দুই দিন রিমান্ডের মঞ্জুর করেন আদালত।