‘ঘ’ ইউনিটের পরীক্ষা বাতিলে ছাত্র ইউনিয়নের ৪৮ ঘন্টার আল্টিমেটাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ঘ ইউনিটের প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢকা বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়ন। এসময় প্রশাসনকে পরীক্ষা বাতিল করতে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছে সংগঠনটি। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৫টায় ঢাবি ছাত্র ইউনিয়নের সভাপতি ফয়েজ উল্লাহ ও সাধারণ সম্পাদক রাজিব দাসের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ করা হয়।
বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে শামসুন্নাহার হল ঘুরে ভিসির বাসভবনের সামনে এসে থামে। এসময় সদ্য অনুষ্ঠিত 'ঘ' ইউনিটের ভর্তি পরিক্ষায় প্রশ্নপত্র ফাঁস হওয়ার প্রতিবাদ জানানো হয়। এরপর কলভবন, অপরাজেয় বাংলা ঘুরে কার্জন হলে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশ ছাত্র ইউনিয়নের নেতারা বলেন, ৪৮ঘন্টার মধ্যে প্রশ্নপত্র ফাঁসের তদন্ত কমিটি গঠন করতে হবে। দোষীদের খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে এবং এই সময়ের মধ্যে পরীক্ষা বাতিল করে নতুন করে পরীক্ষা গ্রহণ করতে হবে। ’