বৃষ্টির চোখরাঙানিতে নাকাল ঢাবির ভর্তিচ্ছু ও অভিভাবক
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-১৯ শিক্ষাবর্ষের 'ঘ' ইউনিটের ভর্তি পরীক্ষায় অংশ নিতে এসে বৃষ্টি ভোগান্তিতে পড়েছেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা। নাকাল হয়েছেন তাদের অভিভাবকরাও। শুক্রবার সকাল ১০ টা থেকে এই পরীক্ষা শুরু হয়েছে। এ বছর ইউনিটটিতে প্রায় ৯৬ হাজার পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছেন এসব ভর্তিচ্ছু ও অভিভাবকরা।
রাজশাহী থেকে আসা ভর্তিচ্ছু শিক্ষার্থী আহমেদ রেজা বলেন, 'ঘ' ইউনিটের পরীক্ষায় অংশ নিতে গতকালই ঢাকায় আসি, রাতে ফার্মগেট আত্মীয়ের বাসায় থাকলেও সকালে পরীক্ষা দিতে এসে ভোগান্তিতে পড়ি। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে সিট পড়েছে। কিন্তু শাহবাগ থেকে সেখানে যাওয়ার জন্য কোন রিক্সা পাইনি। বৃষ্টির কারণে অন্যান্য যানও কম ছিল।
সরেজমিন গিয়ে দেখা যায়, কলা ভবনের সম্মুখের গেটের নিচে গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন অনেক অভিভাবক। বৃষ্টির কারণে বটতলা, অপরাজেয় বাংলার পাদদেশসহ আশপাশের সব জায়গা ভিজে যাওয়ায় কোথাও বসার জায়গা ছিল না। তাই অনেক অভিভাবককেই বাধ্য হয়ে বৃষ্টিতে ভিজতে হয়েছে। তবে আশপাশের হলগুলোতেও অনেককে আশ্রয় নিতে দেখা গেছে।
রাজবাড়ী থেকে ভর্তিচ্ছু মেয়েকে নিয়ে আসা আব্দুল করিম বলেন, বৃষ্টির কারণে আশপাশের সব জায়গা ভিজে আছে। কোথাও দাঁড়ানোর বা বসার জায়গা নাই। বৃষ্টিটা থেমে গেলে কিছু ভোগান্তি কমত।