০৭ অক্টোবর ২০১৮, ১৪:৫১

সাবেক সিনিয়র রোভারমেট ও পিআরএসদের মিলনমেলা

  © টিডিসি ফটো

ব্যতিক্রমধর্মী আয়োজনের মধ্যদিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভারমেট ও পিআরএসদের চা আড্ডা ও অনানুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের ২য় তলায় অবস্থিত রোভার ডেনের প্রশিক্ষণ কক্ষে শুক্রবার বিকেল ৫ টায় এ সভা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সাবেক সিনিয়র রোভার মেট মু. ইয়াছিনুর রহমান রাকিবের সভাপতিত্বে ও সাবেক সিনিয়র রোভার মেট মাজেদুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের প্রতিষ্ঠাকালীন সিনিয়র রোভার মেট ও বিশিষ্ট আইনজীবী মো.আজহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উইমেন্স সাপোর্ট ও ইনভেস্টিগেশন বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি পুলিশ কমিশনার ও পিআরএস ফরিদা ইয়াসমিন।

প্রধান অতিথির বক্তব্যে মো. আজহার বলেন, স্কাউট আন্দোলন হলো সারা বিশ্বব্যাপী একটি অরাজনৈতিক আন্দোলন যেখানে ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার অংশ গ্রহণ আছে। এই আন্দোলনের মাধ্যমে একজন মানুষ তার জীবনের নানাবিধ প্রতিকূলতাকে পিছনে ফেলে সামনে এগিয়ে যাবার প্রেরণা পায়। তিনি ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান আরো বেশি করে আয়োজনের কথা বলেন, সেই সাথে তার সার্বিক সহযোগিতা থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।

এছাড়া তিনি প্রতিষ্ঠাকালীন নানা স্মৃতিচারণা করেন। ফরিদা ইয়াসমিন তাঁর বক্তব্যে ভ্রাতৃত্ব বন্ধনের প্রতি জোর দেন।তিনি বলেন, আমাদের সবাইকে সামনে এগিয়ে যেতে হবে। এতে কে কি ভাবলো তাতে কিছু আসে যায় না বরং কি করলে সহজেই সামনের দিকে এগিয়ে যাওয়া যাবে সেই পথটাই আমাদেরকে আবিষ্কার করতে হবে।

এছাড়াও বেশ কয়েকজন সাবেক সিনিয়র রোভার মেট এখানে তাদের বক্তব্য তুলে ধরেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত সকল অতিথি হালকা নৈশ্যভোজে যোগ দেন। অনুষ্ঠান বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন সাবেক সিনিয়র রোভারমেট ফয়সাল আহম্মদ,মো.জাহানুর ইসলাম ও বর্তমান কাউন্সিলের রোভারমেট এমদাদ

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠালগ্ন থেকেই গ্রুপটি বাংলাদেশে স্কাউট আন্দোলনের অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এই গ্রুপে প্রতি বছর পাঁচজন রোভার কে সিনিয়র রোভার মেট হিসেবে নিয়োগ দেওয়া হয়।