আনুষ্ঠানিক গ্র্যাজুয়েট খেতাব জুটল না তাসলিমার
গায়ে চাপলো না সমাবর্তনের কালো গাউন আর হ্যাট। আনুষ্ঠানিকভাবে নেয়া হল না গ্র্যাজুয়েট খেতাব। বুকের ভেতর লালন করা স্বপ্নগুলো নিয়ে বহুদূর যাবার শুরুটাতেই থেমে যেতে হল তাসলিমা আক্তারকে। ঘাতক বাস কেড়ে নিল তার প্রাণ।
গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড়ায় লেগুনা এবং বাসের সংঘর্ষে প্রাণ হারান তাসলিমা আক্তার। তিনি ডেমরার শুকরশীর আব্দুল লতিফের মেয়ে।
তাসলিমা আক্তার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ইডেন কলেজ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এবারের ৫১তম সমাবর্তনে অংশগ্রহণ করার কথা ছিল তার। এই উপলক্ষে আয়োজিত মহড়ায় অংশ নিতে গত বৃহস্পতিবার লেগুনায় চড়ে বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন তিনি। লেগুনাটি সানারপাড় পিডিকে সিএনজি স্টেশনের কাছাকাছি আসলে বেপরোয়া গতির একটি বাস লেগুনাটিকে ধাক্কা দেয়। এমসয় মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তাসলিমা।
পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেলা একটার সময় একটি কাভার্ড ভ্যান ঘোরানোর সময় লেগুনাটি পেছনে এসে দাড়ায়। এসময় ঢাকাগামী অনিয়ন্ত্রিত গতির একটি বাস লেগুনাটিকে পেছন থেকে থাক্কা দেয়। এতে লেগুনাটি দুমড়ে মুছড়ে যায়। এতে তাসলিমা নামের একজন নিহত হয় এবং ১০ যাত্রী আহত হয়।