ডাকসু নির্বাচন থেকে ছাত্রসমাজকে বঞ্চিত করা ঠিক হবে না: রাষ্ট্রপতি
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে যাতে কেউ ভেজাল করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন রাষ্ট্রপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আজ শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫১তম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে এ অনুরোধ জানান তিনি। এসময় ডাকসু নির্বাচনের উদ্যোগ গ্রহণ করায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান তিনি।
রাষ্ট্রপতি বলেন, ছাত্রসমাজ থেকেই নেতৃত্ব গড়ে উঠতে হবে। রাজনীতির এ সংস্কৃতিটা চালু করা দরকার। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়ে গেলে সারাদেশের অন্যসকল পাবলিক বিশ্ববিদ্যালয়, কলেজে ছাত্র সংসদ নির্বাচন হয়ে যাবে। ছাত্র সংসদ নির্বাচন থেকে এ বিশাল ছাত্রসমাজকে বঞ্চিত করা ঠিক হবে না।
অনুষ্ঠানে নবীন গ্র্যাজুয়েটদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, সদ্য পাশ করা নবীন গ্র্যাজুয়েটদের দেশ গড়ার কাছে এগিয়ে আসতে হবে। তোমরা যেখানেই যাও না কেন, যে জায়গায় কাজ করো না কেন, দেশের কথা-দেশের মানুষের কথা ভুলবে না।
এবছর তিনটি ভেন্যুতে (বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজ) সমাবর্ত অনুষ্ঠিত হয়। মোট ২১ হাজার ১১১জন শিক্ষার্থী সমাবর্তনে অংশ নেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষক ও শিক্ষার্থীদের ৯৬টি স্বর্ণপদক, ৮১ জনকে পিএইচডি এবং ২৭ জনকে এম ফিল ডিগ্রি প্রদান করা হয়।