ঢাবি ৫১তম সমাবর্তনের কস্টিউম ও গিফট বিতরণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ৫১তম সমাবর্তনের একাডেমিক কস্টিউম ও গিফট বিতরণ শুরু হয়েছে। বুধবার সকাল থেকে ছাত্র-ছাত্রীদের মাঝে সমাবর্তনের পোশাক ও অনুষ্ঠানে প্রবেশের পাস বিতরণ করা হয়।
পোশাক হাতে পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠেন। কালো গাউন ও কালো ক্যাপ পড়ে বহু শিক্ষার্থীকে কলা ভবন, সিনেট ভবন ও কার্জন হলের আশপাশের এলাকায় বন্ধুদের সঙ্গে সেলফি ও গ্রুপ ছবি তুলতে দেখা যায়।
সমাবর্তনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বুধবার ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত নিজেদের কস্টিউম ও গিফট সংগ্রহ করতে পারবেন।
ঢাবি কলা অনুষদ ভবন, বিজ্ঞান ক্যাফেটেরিয়া (কার্জন হল), বিজনেস স্টাডিজ অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবন, ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এবং নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে একাডেমিক কস্টিউম সংগ্রহ করা যাবে। ৬ অক্টোবর সমাবর্তন শেষ হওয়ার পর এগুলো ফেরত দিতে হবে।
প্রসঙ্গত, শনিবার (৬ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এই সমাবর্তন অনুষ্ঠিত হবে।