০২ অক্টোবর ২০১৮, ২৩:৪২

ঢাবি অধ্যাপককে পদাবনতি; অব্যাহতি চেয়ারম্যানশীপ থেকেও

নাসরীন ওয়াদুদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নাসরীন ওয়াদুদকে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক পদে পদাবনতি দেয়া হয়েছে। অব্যাহতি দেওয়া হয়েছে চেয়ারম্যান পদ থেকেও। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হয়। বিষয়টি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওই শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ- বিদেশ যাওয়ার জন্য বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়ে নির্দিষ্ট দিনের আগেই বিদেশ চলে যান। এতে বিভাগের কাজে বেগ পেতে হয়। জানা যায়, এ বছরের ২৭ এপ্রিল বিদেশ যান নাসরীন ওয়াদুদ, কিন্তু তিনি বিশ্ববিদ্যালয় থেকে ছুটি নিয়েছিলেন ৪ মে থেকে। যাওয়ার আগে তিনি কাউকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করে না যাওয়ায় বিষয়টি নিয়ে সমস্যা তৈরি হয়।

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নাসরীন ওয়াদুদ বলেন, অসুস্থতা কারণে ভারতে গিয়েছিলেন তিনি। তার ভাষ্য, কোনো কথা স্মরণে থাকে না। ছুটি নিয়েছিলাম কিন্তু মনে না থাকার কারণে আগেই চলে গিয়েছিলাম।

প্রসঙ্গত, সম্প্রতি চেয়ারম্যানের ব্যক্তিগত দ্বন্দ্বে জেরে ডিনস এ্যাওয়ার্ডপ্রাপ্ত এক প্রার্থীকে শিক্ষক নিয়োগ থেকে বাদ দেওয়া, শিক্ষককে টাক বলায় সাত শিক্ষার্থীকে বহিস্কার এবং পরে ওই শিক্ষককে অব্যাহতির সুপারিশসহ বেশ কিছু ঘটনায় টালমাটাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই বিভাগ। এর মধ্যেই মাত্র এক সপ্তাহ অননুমোদিত ছুটি কাটানোয় বিভাগটির চেয়ারম্যানের বিরুদ্ধে এমন কঠিন সিদ্ধান্ত আসল।