২৬ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২২

ঢাবি জীব বিজ্ঞান অনুষদের ডিনস্ অ্যাওয়ার্ড প্রদান বৃহস্পতিবার 

ঢাকা বিশ্ববিদ্যালয় জীব বিজ্ঞান অনুষদভুক্ত ১০টি বিভাগের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে বিএস সম্মান পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মেধাবী শিক্ষার্থীদের ‘ডিনস্ অ্যাওয়ার্ড’ এবং বিভাগীয় শিক্ষকদের ‘রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রদান অনুষ্ঠান বৃহস্পতিবার সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। বুধবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃতী শিক্ষার্থী ও শিক্ষকদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেবেন।

জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো: ইমদাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদ, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো: কামাল উদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।